সরকার তারেক রহমানের জনপ্রিয়তাকে ভয় পায় বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলাম।

তিনি বলেন, তারেক রহমান আগামী দিনের রাষ্ট্রনায়ক। অচিরেই তিনি সব ষড়যন্ত্রের জাল ছিন্ন করে জনগণের মাঝে ফিরে আসবেন। তাই তাকে ঠেকাতে সরকার একের পর এক মিথ্যা মামলা দিয়ে ষড়যন্ত্র করছে।

বুধবার দুপুরে যশোর জেলা বিএনপি কার্যালয়ের সামনে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের সপ্তম কারামুক্তি দিবস উপলক্ষে জেলা বিএনপি আয়োজিত র্যাতলিপূর্ব এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তরিকুল ইসলাম বলেন, কোনো ষড়যন্ত্রই তারেক রহমানের অগ্রযাত্রাকে রুখতে পারবে না। দেশপ্রেমিক শক্তির ঐক্যবদ্ধ গণআন্দোলন সব ষড়যন্ত্র নস্যাৎ করে দেবে।

তিনি আরও বলেন, সরকার মিডিয়া ও বিচার বিভাগের স্বাধীনতার ওপর যমটুপি পরিয়ে নিয়ন্ত্রণ করতে চায়। সম্প্রচার নীতিমালা ও বিচারপতিদের অভিশংসনের ক্ষমতা অনির্বাচিত সংসদের হাতে দেয়ার মাধ্যমে দেশকে একদলীয় শাসনের দিকে ঠেলে দিতে চায়।

জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি শামসুল হুদার সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ফারাজী মতিয়ার রহমান, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, যশোর নগর বিএনপির সভাপতি পৌর মেয়র মারুফুল ইসলাম, মনিরামপুর পৌর মেয়র অ্যাডভোকেট শহীদ ইকবাল, কেশবপুর পৌরসভার মেয়র আব্দুস সামাদ বিশ্বাস প্রমুখ।

ঢাকা, ৩ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেআই