হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চোরাই লাগেজসহ এক যাত্রীবেশী চোরকে আটক করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ।

বিমানবন্দরের গোলচত্বর থেকে শুক্রবার সকাল ১০টায় সারজা থেকে আগত চার যাত্রীর চারটি লাগেজসহ মো. মহসিনকে (৪০) আটক করা হয়।

আর্মড পুলিশ জানায়, সারজা থেকে আগত এয়ার এরাবিয়া শুক্রবার সকাল ৯টায় ঢাকায় অবতরণ করে। ওই বিমানের যাত্রী আবুল হোসেন (২৮), নাসির আহমেদ (৪২), সুমন মিয়া (৩০) ও মো. সাত্তার (২৯) তাদের লাগেজ ৭ নম্বর আগমনী বেল্টে দেন। কিন্তু যাত্রীবেশী চোর মহসিন তা চুরি করে গাড়ি ভাড়া করে পালানোর চেষ্টা করেন।

বিমানবন্দর আর্মড পুলিশ পরে গোলচত্বর থেকে তাকে আটক করেন।

ওই ঘটনায় যাত্রীরা বাদী হয়ে মহসিনের বিরুদ্ধে বিমানবন্দর থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।

কেএইচ