দেশে গুম, খুনের অনুকূল পরিবেশ বিরাজ করছে বলেই এ থেকে দেশ ও দেশের জনগণ মুক্তি পাচ্ছে না বলে মন্তব্য করেছেন বিভিন্ন সময় গুম, খুনের শিকার হওয়া ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা।
শনিবার সকাল সাড়ে ১০টায় আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সেমিনারে বক্তারা এ কথা বলেন।
এ সেমিনারের আয়োজক মৌলিক অধিকার সুরক্ষা কমিটি। সেমিনারে আলোচনার বিষয় 'ব্যথা-গুম, খুন ও নির্যাতন আর না'।
গুম, খুনের শিকার স্বজনদের নিয়ে এ সেমিনারে শতাধিক ক্ষতিগ্রস্ত পরিবারের স্বজনরা উপস্থিত রয়েছেন। আর এতে বক্তব্য দিচ্ছেন ২৫টি ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্য।
এ সেমিনারে সভাপতিত্ব করছেন ড. শাহদিন মালিক।
সেমিনারে ক্ষতিগ্রস্ত স্বজনরা বলেন, দেশে গুম, খুনের মতো কোনো ঘটনা আর কেউ দেখতে চায় না। এমন নির্মম পরিণতি আর কেউ চায় না।
সেমিনারে লাকসামের সাবেক সংসদ সদস্য সাইফুল ইসলামের হিরুর মেয়ে মাসরুফা ইসলাম বলেন, গত ২৭ নভেম্বর ২০১৩ সালে আমার বাবা গুম হন। গত ৯ মাসেও আমরা তাকে পায়নি।
সেমিনারে বিএনপি নেতা চৌধুরী আলমের মেয়ে মাহফুজা আক্তার বলেন, গুম হয়ে যাওয়ার মতো অনুকূল পরিবেশ দেশে বিরাজ করছে বলেই এমনটা হচ্ছে। আমরা কেউই এ রকম সমাজে বসবাস করতে চাই না।
কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্র আল মুকাদ্দেল ২০১২ সালে সাভার থেকে গুম হন। তার বাবা মওলানা আবদুল হালিম সেমিনারে বলেন, দুই বছর পার হয়ে গেলেও আমরা তার কোনো খোঁজ পাইনি। দেশে সাধারণ মানুষও গুম হয় এটাই তার প্রমাণ।
এ সেমিনারের দ্বিতীয় অধিবেশনে বিশিষ্ট জনদের আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে বক্তব্য রাখবেন ড. কামাল হোসেন, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। কলামিস্ট সৈয়দ আবল মকসুদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষক অসিফ নজরুল প্রমুখ।
ঢাকা, ৩০ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেআই





