একে খন্দকারের মতিভ্রম হয়েছে বলে মন্তব্য করে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেন, বেশি বয়স হলে মানুষের ভিমরতি ধরে, তার সেই ভিমরতি ধরেছে।
শনিবার দুপুরে সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী অডিটোরিয়ামে সিরাজগঞ্জ শহর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে এ কথা বলেন।
তিনি বলেন, দেশের মানুষ জানেন কার নেতৃত্বে মুক্তিযুদ্ধ হয়েছে। কোথাকার কোন একে খন্দকার কি বলল তাতে কিছু আসে যায় না। কিন্তু বিএনপির নিজেদের কথা বলার কোনো ইস্যু না থাকায়, তারা অন্যের ভুল উক্তি নিয়েই লাফালাফি করছেন।
মন্ত্রী আরও বলেন, স্বাধীনতার পর বঙ্গবন্ধু এই একে খন্দকারকে বীর উত্তম উপাধি দিয়ে মর্যাদা দিয়েছিলেন, কিন্তু তিনি খন্দকার মোশতাককে সমর্থন দিয়ে কলঙ্কিত হয়েছিলেন। আবার গত সরকার আমলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে মন্ত্রীর মর্যাদা দিয়েছিলেন, কিন্তু এই একে খন্দকার অন্যের প্ররোচণায় ভুল তথ্য দিয়ে বই লিখেছেন।
শহর আওয়ামী লীগের সভাপতি ইছাহাক আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি, সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) আসনের জাতীয় সংসদ সদস্য অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত মুন্না এমপি, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোস্তাফিজুর রহমান বিএসসি, সাধারণ সম্পাদক অ্যাডবোকেট কে এম হোসেন আলী, সাংগঠনিক সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান রিয়াজ উদ্দিনসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা।
ঢাকা, ৬ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেআই





