গাজীপুরের টঙ্গীর দেওড়া এলাকার একটি ধানক্ষেত থেকে অজ্ঞাত এক নারীর (৩২) গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার সন্ধ্যায় টঙ্গী থানা পুলিশ লাশটি উদ্ধার করে গাজীপুর সদর হাসপাতাল মর্গে পাঠায়।
টঙ্গী থানার উপ-পরিদর্শক অচিন্ত্য দেবনাথ জানান, বিকালে এলাকার ছোট কয়েকটি শিশু দেওড়ার ‘মা আমেনা’ পোশাক কারখানার তিনশ’ গজ দক্ষিণে আক্কর আলীর টেক এলাকার একটি জলাশয়ে মাছ ধরতে যায়। এ সময় পাশের ধানক্ষেতে তারা ওই নারীর গলিত লাশ দেখে এলাকাবাসীকে জানায়।
এলাকাবাসী খবরে পুলিশ সন্ধ্যা সাড়ে ৬টার দিকে লাশটি উদ্ধার করে গাজীপুর সদর হাসপাতালের মর্গে পাঠায়। তার পরনে লাল রংয়ের একটি কামিসের ছেড়া অংশ ও গলায় কালো ওড়না বাঁধা ছিল। ধারণা করা হচ্ছে, গলায় ওড়নায় পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যার পর দুর্বৃত্তরা ওই নারীর লাশ নির্জন ধানক্ষেতে ফেলে গেছে।
ঢাকা, ২৫ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, কেএইচ





