টাঙ্গাইলে স্ত্রী হত্যার দায়ে স্বামী বেল্লাল হোসেনকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন নারী ও শিশু নির্যাতন দমন আদালত।
মঙ্গলবার দুপুরে টাঙ্গাইল নারী ও শিশু নির্যাতন দমন আদালতের বিচারক শরিফ উদ্দিন আহমেদ এ রায় দেন। রায়ে অপর দুই অভিযুক্ত বেল্লালের বাবা নুরুল হোসেন ও মা বিমুলা বেগমকে বেকসুর খালসা দেয়া হয়।
মামলার বিবরণে জানা যায়, ১৯৯৮ সালের ১৭ মে টাঙ্গাইল সদর উপজেলার ধনিয়াখোলা গ্রামের মো. বেল্লাল হোসেন তার স্ত্রী সোহাগীকে (২২) যৌতুকের দাবিতে নির্যাতনের মাধ্যমে হত্যা করে বাড়ির পাশে একটি ধানখেতে লাশ পুঁতে রাখে। ঘটনার ২০ দিন পর নিহতের কাপড় ও হাতের বালা দেখে পরিবারের লোকজন বিষয়টি টের পেয়ে পুলিশে খবর দেয়।
খবর পেয়ে পুলিশ সেখান থেকে নিহতের দেহাবশেষ উদ্ধার করে। পরে নিহতের বাবা মো. সয়ান আলী বাদি হয়ে বেল্লাল, তার মা বিমুলা বেগম ও বাবা নুরুল হোসেনকে আসামি করে টাঙ্গাইল মডেল থানায় মামলা দায়ের করেন।
রাষ্ট্রপক্ষে এ মামলা পরিচালনা করেন, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিশেষ পিপি এ কে এম নাছিমুল আক্তার (নাছিম)। আসামিপক্ষে ছিলেন অ্যাডভোকেট কৃষ্ণ চন্দ্র মোদক।
কেএইচ





