সাধারণ জনগণের সাথে বিনয়ী, সহিষ্ণু ও পেশাদার আচরণ করার জন্য পুলিশ সদস্যদের নির্দেশ দিয়েছেন পুলিশ মহাপরিদর্শক মো. জাবেদ পাটোয়ারী।
সম্প্রতি করোনাভাইরাস সংক্রমণ রোধে জনগণকে ঘরে থাকার নির্দেশনা দেয় সরকার। ওই নির্দেশনা বাস্তবায়নে পুলিশ সদস্যদের দ্বারা মানুষকে লাঠিপেটা ও হেনস্তার ছবি ও ভিডিও বিভিন্ন মাধ্যমে প্রকাশিত হয়।
এসব ঘটনার প্রেক্ষিতে এ নির্দেশ দেন পুলিশ প্রধান। পুলিশ সদর দফতরের এআইজি (মিডিয়া) মো. সোহেল রানা এ নির্দেশের বিষয়টি নিশ্চিত করেছেন।
আইজিপি-র নির্দেশে বলা হয়েছে, জনজীবন সচল রাখতে চিকিৎসা, ওষুধ, নিত্যপণ্য, খাদ্যদ্রব্য, বিদ্যুৎ, ব্যাংকিং ও মোবাইল ফোনসহ আবশ্যক সব জরুরি জরুরী সেবার সঙ্গে সম্পৃক্ত ব্যক্তি ও যানবাহনের অবাধ চলাচল নিশ্চিত করুন। দায়িত্ব পালনকালে সাধারণ জনগণের সঙ্গে বিনয়ী, সহিষ্ণু ও পেশাদার আচরণ বজায় রাখুন।
গত ২৬ মার্চ থেকে আগামী ৪ এপ্রিল পর্যন্ত ঘোষণা দিয়ে সুনির্দিষ্ট কিছু জরুরি সেবার বাইরে অন্যান্য সেবা বন্ধ রাখার সরকারি ঘোষণা রয়েছে। করোনা ভাইরাসের বিস্তৃতি রোধে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
এ সময়ের মধ্যে জরুরি প্রয়োজন (খাদ্যদ্রব্য, ঔষধ কেনা, চিকিৎসা, মৃতদেহ সৎকার ইত্যাদি) ছাড়া কোনওভাবেই বাড়ির বাইরে না যেতে জনগণকে অনুরোধ করা হয়েছে। এই নির্দেশনা বাস্তবায়নে প্রশাসন ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে।
এএন





