চট্টগ্রাম নগরীতে একটি বাসায় হঠাৎ বিস্ফোরণে একজন নিহত হয়েছেন। এসময় দুইজন দগ্ধ হয়েছেন।
রোববার (১৭ অক্টোবর) সকালে নগরীর বায়েজিদ বোস্তামী থানাধীন বালুছড়া এলাকার একটি বাসায় এই ঘটনা ঘটে।
তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি।
বায়েজিদ বোস্তামী থানার ওসি মো: কামরুজ্জামান জানান, সকালে নগরীর বায়েজিদ বোস্তামী থানাধীন বালুছড়া এলাকার একটি ৩ তলা ভবনের নিচ তলায় হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। এসময় দগ্ধ হন দুইজন। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত ব্যক্তির লাশ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান ওসি।
চট্টগ্রামের বিভাগীয় ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক ফরিদ আহমেদ জানান, তিন তলা ভবনের নিচ তলায় এ বিস্ফোরণের ঘটনা ঘটে। সেখানে কয়েকজন শ্রমিক থাকতেন। তবে ধারণা করা হচ্ছে, সেখানে গ্যাসের লিকেজ থেকে এ বিস্ফোরণের ঘটনা ঘটে থাকতে পারে।
এমবি





