বিভিন্ন রাষ্ট্র তাদের দূতাবাসের সেবা কার্যক্রম বাংলাদেশে সীমিত করে পাশের দেশে স্থানান্তর করছে। এতে বাংলাদেশের ব্যবসায়ী, শিক্ষার্থীসহ বিদেশি সেবা পেতে আগ্রহীরা ভোগান্তির শিকার হচ্ছেন। আগামী সেপ্টেম্বর থেকে যুক্তরাজ্য তাদের ভিসা বিষয়ক কার্যক্রম বাংলাদেশ থেকে স্থানান্তর করে ভারতে নিচ্ছে বলে কূটনীতিক সূত্রগুলো জানিয়েছে।

এই বিষয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম সাংবাদিকদের জানান, ‘বিদেশি রাষ্ট্রগুলো ভিসা বিষয়ক কার্যক্রম যাতে বাংলাদেশ থেকে সরিয়ে অন্যত্র নিয়ে না যায় এ জন্য কাজ চলছে। হতাশ হওয়ার কিছু নেই। অতি শিগগিরই সব ঠিক হয়ে যাবে।’

পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, বাঙালী-বাঙালী মারামারি করার কারণে সংযুক্ত আরব আমিরাতের ভিসা কার্যক্রমে সমস্যা হয়েছে। এ ক্ষেত্রে বাংলাদেশি নাগরিকদেরও দায়িত্বশীল আচরণ করার প্রয়োজন রয়েছে।

পররাষ্ট্র সচিব শহিদুল হক জানান, যেসব দেশ দূতাবাসের কার্যক্রম সীমিত করে ফেলেছে তাদের সঙ্গে প্রতিনিয়ত যোগাযোগ করে আগের অবস্থানে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হচ্ছে।

কূটনীতিক সূত্রে জানা গেছে, মধ্যপ্রাচ্যের অনেক দেশ বর্তমানে বাংলাদেশি শ্রমিক পর্যায়ের ভিসা বন্ধ রেখেছে। আবার মধ্যপ্রাচ্যের অনেক দেশই বাংলাদেশের নাগরিকদের ঢাকা থেকে ভিসা কার্যক্রম সেবা দেয় না। সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইনের ভিসা সেবা ঢাকা থেকে পাওয়া যায় না।

সার্কভুক্ত মালদ্বীপ বাংলাদেশে তাদের ভিসা কার্যক্রম গত মার্চ থেকে বন্ধ রেখেছে। কানাডা ও বেলজিয়াম তাদের ভিসা কার্যক্রম ঢাকা থেকে সরিয়ে সিঙ্গাপুরে স্থানান্তর করেছে।

কূটনীতিক সূত্রগুলো বলছে, যুক্তরাজ্য আগামী সেপ্টেম্বর থেকে তাদের ভিসা কার্যক্রম ঢাকা থেকে সরিয়ে দিল্লীতে স্থানান্তর করার সিদ্ধান্ত নিয়েছে।

এদিকে, যুক্তরাজ্যের ভিসা কার্যক্রম স্থানান্তরের প্রতিবাদে ব্রিটিশ-বাংলাদেশ স্বার্থ রক্ষা কমিটি গঠন করা হয়েছে। যুক্তরাজ্যের সিদ্ধান্ত ফিরিয়ে নেওয়ার দাবিতে কমিটি গণ-আবেদন কর্মসূচি চালাচ্ছে। পাশাপাশি সপ্তাহব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে।

ব্রিটিশ-বাংলাদেশ স্বার্থরক্ষা কমিটির আহ্বায়ক রিমাদ আহমদ রুবেল বলেন, ‘আন্দোলন জোরদার করতে যুক্তরাজ্যে কাজ শুরু করা হয়েছে। পাশাপাশি চলছে সপ্তাহব্যাপী গণআবেদন কর্মসূচি।’

ঢাকা, ২০ জুলাই(টাইমনিউজবিডি.কম)//কেএ