কুষ্টিয়া জেলার ভেড়ামারা শহরের নওদাপাড়া এলাকার প্রাক্তন কমিশনার মরহুম অমিরুল ইসলামের ছোট ছেলে ভেড়ামারা হোমিওপ্যাথিক মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ডা. কামরুল ইসলাম মনাকে ভারতে হোমিও রত্ন উপাধিতে ভূষিত করা হয়েছে।
সম্প্রতি ভারতের (ভারত সভা হলরুমে) ওয়ার্ল্ড ফেডারেশন অব হোমিওপ্যাথি ও ন্যাশনাল হোমিওপ্যাথিক অ্যাসোসিয়েশন কর্তৃক আয়োজিত সেমিনারে ডা. মনাকে হোমিওরত্ন উপাধিতে ভূষিত করে।
ডা. কামরুল ইসলাম মনার হাতে হোমিওরত্ন পদক তুলে দেন ওয়ার্ল্ড ফেডারেশন অব হোমিওপ্যাথির প্রেসিডেন্ট ডা. প্রকাশ মল্লিক ও দৈনিক সকালের বার্তা পত্রিকার নির্বাহী সম্পাদক রক্তিম দাশ।
ডা. প্রকাশ মল্লিক বলেন, ‘ডা. মনা হোমিওপ্যাথিক চিকিৎসায় বিস্ময়কর সাফল্যের অবদান রেখে চলেছেন। তিনি শুধু বাংলাদেশ নয়, আমাদের দেশেও আমার সঙ্গে দমদম, আসানসোল, মেদিনীপুর, কোলাঘাট, হাওড়া, জলপাইগুড়িসহ বিভিন্ন জায়গায় হোমিও চিকিৎসাশিবিরে রোগী দেখে সুনাম কুড়িয়েছেন।’
পশ্চিমবঙ্গের (ভারত) বিধায়ক বিপ্লব রায় চৌধুরী বলেন, ‘আমার প্রতিষ্ঠিত মাতঙ্গীনি সেবা কেন্দ্রে চিকিৎসাশিবিরে ডা. মনার সঙ্গে আমার পরিচয় হয়। তার রোগী দেখার ধরন আমাকে মুগ্ধ করেছে।’
বাংলাদেশ হোমিওপ্যাথিক মেডিক্যাল কলেজের অধ্যাপক লায়ন ডা. শহিদুল ইসলাম বলেন, ডা. মনা বাংলাদেশের গর্ব। আগেও তিনি দেশ-বিদেশে একাধিক সম্মাননা পেয়েছেন, যেমন-স্বর্ণপদক, মেরিট অ্যাওয়ার্ড, ফেলোশিপ, আজীবন সম্মাননা পদক, ফেলোশিপ, গুণীজন সংবর্ধনা, শ্রেষ্ঠ চিকিৎসকসহ একাধিক সম্মাননা পদকে ভূষিত হয়েছেন।
হোমিও রত্ন পদকটি তার চিকিৎসা জীবনে নতুন প্রেরণা দান করবে। এ ছাড়া অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ভারতের সুপ্রিম কোটের অ্যাডভোকেট হরি রঞ্জন কুমার ঘোষ, ওয়ার্ল্ড ফেডারেশন অব হোমিওপ্যাথির ভাইস প্রেসিডেন্ট ডা. নীল কমল বর্মণ, প্রেসক্রিপশন পত্রিকার সম্পাদক ডা. পার্থ কুমার সারথি, মানুষের অধিকার পত্রিকার সম্পাদক অ্যাডভোকেট পবিত্র কুমার, হোমিও দিশা পত্রিকার সম্পাদক ডা. অসীম মজুমদার, ডা. শ্রীদীপ রায়, ডা. সাথী রায়, বাংলাদেশ ডি এইচ এম এস চিকিৎসক সমিতির সাধারণ সম্পাদক ডা. দেলোয়ার হোসেন, লক্ষ্মীপুর হোমিওপ্যাথিক মেডিক্যাল কলেজের অধ্যাপক ডা. সামসুল হুদা, অধ্যাপিকা ডা. রেহেনা পারভীন প্রমুখ।
জেআই





