বাংলাদেশে করোনায় ৭০-এর অধিক বয়সের ১ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)।

আজ বুধবার (১৮ মার্চ) করোনাভাইরাস-সংক্রান্ত নিয়মিত সংবাদ সম্মেলনে এ কথা জানান আইইডিসিআরের পরিচালক অধ্যাপক ড. মীরজাদী সেব্রিনা ফ্লোরা।

মৃত ব্যক্তি সম্পর্কে তিনি আরো জানান, ওই ব্যক্তি কিডনি, হার্টসহ বিভিন্ন রোগেও ভুগছিলেন। গতকাল তার সম্পর্কেই বলা হয়েছিল যে, একজনের অবস্থা আশঙ্কাজনক।

মারা যাওয়া ওই ব্যক্তি বিদেশফেরত আক্রান্ত একজনের সংস্পর্শে আক্রান্ত হয়েছেন বলেও জানান মীরজাদী সেব্রিনা ফ্লোরা। মারা যাওয়া ওই ব্যক্তির লাশ এখন কী করা হবে এমন এক প্রশ্নের জবাবে আইইডিসিআর পরিচালক জানান, তাকে কবরস্থ করা হবে।

আজকের সংবাদ সম্মেলনে আরো জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ৪ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৪ জনে। নতুন আক্রান্ত ব্যক্তিদের তিনজন বিদেশ থেকে ফেরত আসা এবং একজন তাদের একজনের সংস্পর্শে আক্রান্ত হয়েছেন। তিনি একজন নারী।

করোনা ভাইরাসে বিশ্ব জুড়ে মৃতের সংখ্যা ৭ হাজার ছাড়িয়ে গেছে। আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ড ওমিটারস ডট ইনফোর হিসাব অনুযায়ী, মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত আক্রান্তের সংখ্যা ছিল ১ লাখ ৮২ হাজারের ৬০০-এর বেশি। এছাড়া চিকিৎসা নেওয়ার পর সুস্থ হয়ে উঠেছে আরো প্রায় ৮০ হাজার মানুষ।

এএস