নড়াইল লোহাগড়া উপজেলার ঘাঘা গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষে ইকবাল সমাদ্দার (২৫) নামে একজন নিহত ও ১০ জন আহত হয়েছে।

সোমবার সকালে এই সংঘর্ষ হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে ৬৫ রাউন্ড গুলিবর্ষণ করেছে।

নিহত ইকবাল সমাদ্দার কোটাকোল গ্রামের রুপাই সমাদ্দারের ছেলে। আহতদের লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

পুলিশ জানায়, নড়াইলের লোহাগড়া উপজেলার কোটাকোল ইউনিয়নের ঘাঘায় এলাকার আধিপথ্য বিস্তারকে কেন্দ্র করে বর্তমান চেয়ারম্যান খান জাহাঙ্গীর আলমের সমর্থকদের সঙ্গে সাবেক চেয়ারম্যান হেমায়েত হোসেন হিমুর সমর্থকদের বিরোধ চলে আসছিল।

এরই জের ধরে সোমবার সকালে উভয়পক্ষ সংঘর্ষে লিপ্ত হয়। এতে হিমুর সমর্থক ইকবাল সমাদ্দার নিহত হন। এ সময় উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হয়।

হেমায়েত হোসেন হিমু অভিযোগ করেন, প্রতিপক্ষ খান জাহাঙ্গীর আলমের লোকজন তাদের ওপর শর্টগানের গুলি ছোড়ে। এতে তার লোকজন হতাহত হন।

তবে এ অভিযোগ অস্বীকার করেছেন জাহাঙ্গীর আলম।

পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ৬০ রাউন্ড শর্টগানের গুলি এবং ৫ রাউন্ড টিয়ারশেল ছোড়া হয়েছে।

বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলেও জানান তিনি।

এমকে