নওগাঁ সরকারি কলেজের কাজী নজরুল ইসলাম হোস্টেল (নতুন) এবং কাজী নজরুল ইসলাম হোস্টেলে (পুরাতন) দফায় দফায় অভিযান চালিয়ে চার ছাত্রলীগ কর্মীকে আটক করেছে পুলিশ।
রবিবার রাত ১টার দিকে তাদের আটক করা হয়। এছাড়া সোমবার সকাল ৭টার দিকে কাজী নজরুল ইসলাম হোস্টেলের (নতুন) পাশে একটি ডোবা থেকে দুটি বড় রামদা এবং কিছু পরিত্যক্ত মদের বোতল ও ১৫ লিটারের একটি পেট্রোলের খালি কন্টেইনার উদ্ধার করেছে পুলিশ।
আকটকৃতরা হলেন, বিদ্রোহী গ্রুপের জেলা ছাত্রলীগের সভাপতি সাজেদুর রহমান (জনি) (৩০) পিতা ওয়াহেদ আলী, পুরাতন হোস্টেলের ছাত্র মাহবুর আলী (২১) পিতা সাইফুদ্দিন, সোহেল রানা (২০) পিতা এজাহার উদ্দিন এবং কিতাবুল ইসলাম (২৩) পিতা শাহজাহান আলী।
নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকিরুল ইসলাম জানান, কলেজ হোস্টেলের নিরীহ ছাত্রদের কাছ থেকে জোর পূর্বক চাঁদা আদায়সহ মারপিট করত তারা। হোস্টেলে কোন টাকা জমা না দিয়ে থাকত এবং খাওয়া দাওয়া করত। এদের বিরুদ্ধে থানায় একটি মামলাও আছে।
ওসি জাকিরুল ইসলাম আরো জানান, রাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে। তাদেরকে আদালতের মাধ্যমে আজ জেল হাজতে পাঠানো হবে।
এদিকে ছাত্রলীগের উৎপাত চরম আকার ধারণ করায়, সাধারণ ছাত্রছাত্রীদের মনে ভীতি বিরাজ করছে তাই কলেজ কর্তৃপক্ষ অনির্দিষ্ট কালের জন্য হোষ্টেলগুলো বন্ধ ঘোষণা করেছে।
এমআইএস





