প্রেসক্লাবে সাংবাদিকদের দু’গ্রুপের মুখোমুখী অবস্থানের কারণে উত্তেজনা ও উদ্ভুত পরিস্থিতি প্রশমনের জন্য ফেনী প্রেসক্লাব কার্যালয় সিলগালা করে দিয়েছে জেলা প্রশাসন। মঙ্গলবার বিকেলে ফেনী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.সোহেল রানা উপস্থিত থেকে সিলগালা করে দেন। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ফেনী প্রেসক্লাব এলাকায় সভা সমাবেশ নিষিদ্ধ করে ১৪৪ ধারা জারি করেন।

এসময় ফেনী সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.রাসেলুল কাদের, ফেনী মডেল থানার অফিসার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাহবুব মোর্শেদসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সোমবার রাতে ফেনী প্রেসক্লাবের সভাপতি ও বাংলাভিশন প্রতিনিধি রফিকুল ইসলামসহ ৪ সাংবাদিকের ওপর দুর্বৃত্তরা হামলা করলে রফিকুল ইসলাম গুরুতর আহত হয়। তাকে প্রথমে ফেনী ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে ভর্তি করে। তার অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। এ ঘটনায় এলাকায় সাংবাদিকদের মাঝে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

এঘটনায় ফেনী প্রেসক্লাব সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন বাদী হয়ে গতকাল সোমবার রাতে সময় টিভির ব্যুরো ইনচার্জ বখতিয়ার ইসলাম মুন্না, মাছরাঙ্গা টিভির জমির উদ্দিন বেগ ও মোস্তফা কামাল বুলবুলসহ আরও অজ্ঞাতনামা ১৫/২০ জনকে আসামি করে ফেনী মডেল থানায় মামলা দায়ের করে।

এ হামলার প্রতিবাদে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সাংবাদিকরা ফেনী প্রেস ক্লাবের সামনে আজ মঙ্গলবার প্রতিবাদ সভা ও মানববন্ধন কর্মসূচি পালন করে। পরে তারা জেলা প্রশাসন। মো.আমিন উল আহসান ও পুলিশ সুপার মো.রেজাউল হক বরাবর স্মারকলিপি প্রদান করেন তারা।

ফেনী জেলা প্রশাসক মো.আমিন উল আহসান এ ঘটনায় দ্রুত ব্যবস্থা নিবেন বলে আশ্বাস দেন।

এর কিছু সময় পর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.সোহেল রানা প্রেসক্লাব সিলগালা করে দেন। এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ফেনী প্রেসক্লাব এলাকায় সভা সমাবেশ নিষিদ্ধ করে ১৪৪ ধারা জারি করেন।

এআই