রেলপথের নিরাপত্তায় ৮ হাজারের বেশি আনসার ভিডিপি সদস্য নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী মো. মুজিবুল হক।
রোববার দুপুরে রেলভবনে প্রেস ব্রিফিংয়ে একথা জানান তিনি।
মুজিবুল হক বলেন, সারা দেশে ২ হাজার ৮৭০ কিলোমিটার রেলপথ রয়েছে। এরমধ্যে ১ হাজার ৪১টি ঝূকিপূর্ণ পয়েন্ট রয়েছে। এসব পয়েন্টে ধ্বংসাত্মক কাজ প্রতিহত করবে আনসার সদস্যরা।
রেলমন্ত্রী বলেন, ৩৩৪টি ট্রেন আছে। একটি ট্রেনও বন্ধ হয়নি। নিয়মিত চলাচল করছে এসব ট্রেন। যত রকম ধ্বংসাত্মক ঘটনাই ঘটুন না কেন ৩৩৪টি ট্রেনই নিয়মিত চলবে। এ ছাড়া ট্রেন ছাড়ার আগে নিরাপত্তা ব্যবস্থা দেখতে টহল কার পাঠানোর বিষয়টি বিদ্যমান আছে। এটা আরও জোরদার করা হবে।
রেলে শিডিউল বিপর্যয় প্রসঙ্গে মুজিবুল হক বলেন, নাশকতাকারীরা তৎপর রয়েছে। যে কারণে দুর্ঘটনা এড়াতে ধীরগতিতে ট্রেন পরিচালনা করা হচ্ছে। এতে কিছু কিছু ট্রেনের শিডিউল বিপর্যয় ঘটছে।
জেআই





