দেশে একদিকে চলছে আগুন-পোড়াও অন্যদিকে সরকারের দমন-পীড়ন। মশিউর রহমান যাদু মিয়া থাকলে এই সমস্যা রুখে দাঁড়াতেন। জননেতা প্রয়াত মশিউর রহমান যাদু মিয়ার স্বরণ সভায় সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক ড. এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী এ মন্তব্য করেন।
বৃহস্পতিবার বিকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে মশিউর রহমান যাদু মিয়ার ৩৬ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মশিউর রহমান যাদু মিয়া সৃতি কমিটি আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, আজকে বেশিরভাগ বক্তাদের জনগণের ভাষা বোঝার ক্ষমতা নেই। কিন্তু মশিউর রহমান যাদু মিয়া মানুষের ভাষা বুঝতেন। তিনি ছিলেন একজন ভালো মানুষ। তার মধ্যে সবকিছুই ছিল। তিনি ছিলেন ভালো রাজনীতিবিদও। যে ভালো মানুষ হয়, সে ভালো রাজনীতিবিদও হয়।
এসময় পেট্রল বোমা, ক্রসফায়ার, হরতাল, অবরোধ চির অবসানের দাবিতে গত ২ মার্চ হাতে পায়ে শিকল পরে গাছের উপরে অবস্থান ধর্মঘট পালন করা জাতীয় মুক্তি আন্দোলনের চেয়ারম্যান দার্শনিক জালাল উদ্দিন মজুমদারের সঙ্গে হাত মেলান তিনি।
ছড়াকার ও সাংবাদিক আবু সালেহের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক অধ্যাপক ড. মাহবুবউল্লাহ, বিএমএ-এর সাবেক মহাসচিব অধ্যাপক গাজী আব্দুল হোক, ছাত্রদলের প্রতিষ্ঠাতাকালীন সভাপতি এনামুল কবির শহিদ, সাধারন সম্পাদক আবুল কাশেম চৌধুরী, জাসাস সভাপতি এম এ মালেক, জাতীয় সাংস্কৃতিক জোটের মহাসচিব রফিকুল ইসলাম, প্রখ্যাত চলচ্ছিত্রকার প্রয়াত চাষী নজরুলের সহধর্মিণী জোসনা গাজী, প্রয়াত মশিউর রহমান যাদু মিয়ার মেয়ে রিটা রহমান, সাংবাদিক মাহফুজ উল্লাহ প্রমুখ।
এমএ/কেএইচ





