বরিশাল সদর উপজেলার চরমোনাই ইউনিয়নের উত্তর রাজারচর গ্রামে পুকুরে ডুবে দুই বোনসহ তিন শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে উত্তর রাজারচর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলো- ওই গ্রামের আব্দুল বাতেন মিয়ার বড় মেয়ে হাফিজা (৭) ও ছোট মেয়ে হাফছা (৫) এবং একই বাড়ির মোজাম্মেল হোসেনের মেয়ে উর্মি (৭)।
চরমোনাই ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য মো. ছিদ্দিকুর রহমান তিন শিশুর মৃত্যুর খবর নিশ্চিত করে জানান, ওই তিন শিশু নিজ বাড়িতে খেলা করছিল। খেলার ছলে বাড়ির সবার অগোচরে তারা পার্শ্ববর্তী একটি পুকুরে পড়ে যায়। অনেক খোঁজাখুঁজির পর পুকুর থেকে তাদের নিথর দেহ উদ্ধার করা হয়।
পরে তাদের বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. আল মামুন তিন শিশুকেই মৃত ঘোষণা করেন। এ ঘটনায় উত্তর রাজারচর গ্রামে শোকাবহ পরিবেশ বিরাজ করছে।
এমএনজে





