ঘূর্ণিঝড় রোয়ানূর আঘাতে সম্ভাব্য দুর্ঘটনার আশংকায় শনিবার সকাল ১১টা থেকে পুরো নগরীতে বিদ্যুৎ সংযোগ বন্ধ রেখেছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)। জেলার অধিকাংশ গ্রামেও বিদ্যুৎ সরবরহ বন্ধ থাকার খবর পাওয়া গেছে।

ঘূর্ণিঝড় পরবর্তী পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে বলে ‍জানিয়েছে পিডিবি।

পিডিবি, চট্টগ্রামের জ্যেষ্ঠ সহকারী পরিচালক (জনসংযোগ) মোহাম্মদ মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘ঘূর্ণিঝড় রোয়ানুর প্রভাবে নগরীর বিভিন্ন জায়গায় গাছপালা ভেঙে পড়ার খবর পেয়েছি।

এর ফলে ওসব জায়গায় বিভিন্ন বৈদ্যুতিক তারও ছিড়ে গেছে। কিন্তু তাৎক্ষণিকভাবে সেসব জায়গায় গিয়ে বৈদ্যুতিক তার মেরামত করা সম্ভব নয়। এছাড়া নগরীর আরও বিভিন্ন জায়গায় ঘূর্ণিঝড়ের প্রভাবে গাছপালা ভেঙে পড়ার সম্ভাবনা রয়েছে। এজন্য যে কোন দুর্ঘটনা এড়াতে পুরো নগরীতে সকাল ১১টা থেকে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হয়েছে।’

কবে নাগাদ বিদ্যুৎ সংযোগ পুনরায় চালু করা হতে পারে এমন প্রশ্নে মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, ‘পরিস্থিতি স্বাভাবিক হলে আমরা যেসব জায়গায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে সেসব জায়গায় গিয়ে তা মেরামত করা হবে। এরপর বিদ্যুৎ সরবরাহ করা হবে।’

এছাড়া নগরীর আশপাশের বিভিন্ন উপজেলায়ও বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হয়েছে বলে জানান পিডিবির এই কর্মকর্তা।

ওএফ