খাগড়াছড়ি জেলার রামগড়ে প্রকাশ্যে এক যুবককে চাপাতি দিয়ে কুপিয়ে জখম করার ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার সন্ধা ৭টার দিকে রামগড় উপজেলার পুলিশ বক্স সংলগ্ন কালিবাড়ি মোড়ে এ ঘটনা ঘটে।

আহত যুবকের নাম মো: শিমুল (২৫)। সে উপজেলার গর্জনতলি এলাকার সেলিম উদ্দিনের পুত্র।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধা ৭টায় রামগড় উপজেলা সদরের কালিবাড়ি মোড়ে মো. শিমুলকে একটি মাইক্রোবাস থেকে জোরপূর্বক নামিয়ে চাপাতি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করেছে এক যুবক।

ঘটনাস্থল সংলগ্ন পুলিশ বক্সে দায়িত্বরত এ এস আই অহিদ উল্লাহ ঘটনাটি দেখে ফেললে হামলাকারী পালিয়ে যাওয়ার চেষ্টা করলে, এ এস আই অহিদ উল্লাহ তাকে ধাওয়া করে চাপাতিসহ আটক করে।

আটক হামলাকারীর নাম সাহাদাৎ হোসেন(২৪)। সে উপজেলার বলিপাড়া এলাকার সিদ্দিকুর রহমানের পুত্র।

আটক হামলাকারী নিজেকে উপজেলা আওয়ামীলীগের যুগ্ন আহবায়ক কাজী নুরুল আলম ও উপজেলা যুবলীগেরর সাধারণ সম্পাদক বিশ্ব ত্রিপুরার লোক বলে দাবী করেছে।

তবে এ ঘটনা অস্বীকার করে কাজী নুরুল আলম ও বিশ্ব ত্রিপুরা জানান, সাহাদাৎ নামে কাউকে আমরা চিনিনা, সে আমাদের লোক হওয়ার প্রশ্নই আসেনা। নিজের অপরাধ থাকতে সে আমাদের নাম বিক্রি করছে।

ঘটনার সত্যতা স্বীকার করে রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাইন উদ্দিন খান জানান, হামলাকারী যুবক সাহাদাৎ হোসেনকে চাপাতিসহ আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

এমবি