চট্টগ্রামের মিরসরাই উপজেলায় অজ্ঞাত রোগে আক্রান্ত ৯ স্কুলছাত্রী হাসপাতালে ভর্তি হয়েছে। গতকাল রোববার দুপুর থেকে বিকেল পর্যন্ত ক্রমান্বয়ে এই ছাত্রীরা অসুস্থ হয়ে পড়ে। আক্রান্তরা মিরসরাই উপজেলার ১৪ নম্বর হাইতকান্দি ইউনিয়নের হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের ছাত্রী।

অসুস্থ ছাত্রীদের মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইমাম হোসেন।

আক্রান্ত ছাত্রীরা হলো- বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী রিফাত জাহান, সুমাইয়া মাহবুব ও মমতা হেনা ইয়াছমিন এবং অষ্টম শ্রেণির ছাত্রী আইরিন সুলতানা, নুসরাত সুলতানা, আরিফা আক্তার, আয়েশা সিদ্দিকা, রিয়া হিয়ুল মাওয়া রাহি ও মেহেরুন্নেসা তামান্না।

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও ছাত্রীরা জানান, রোববার ক্লাস চলাকালে দুপুর সাড়ে ১২টার দিকে হঠাৎ নবম শ্রেণির এক ছাত্রী অসুস্থ হয়ে পড়ে। এর পর একে একে অন্যরাও অসুস্থ হয়ে পড়ে। তাদের শ্বাসকষ্ট, মুখ থেকে লালা ঝরা ও মাটিতে গড়াগড়ি করতে দেখা যায়। অসুস্থদের কাউকে কাউকে অসংলগ্ন কথা বলতেও শোনা গেছে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইমাম হোসেন জানান, ক্লাসের তৃতীয় ঘণ্টা চলাকালে ছাত্রীরা একে একে অসুস্থ হতে শুরু করে। ছাত্রীদের তাৎক্ষণিক স্থানীয় মাতৃকা হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

মাতৃকা হাসপাতালের চিকিৎসক ডা. মাহমুদুল ইসলাম জানান, এটি ম্যাস সাইকোজেনিক ইলনেস বা গণমানসিক ভয়ভীতিজনিত রোগ বলে আমরা ধারণা করছি। এই রোগে আতঙ্কিত হওয়ার কারণ নেই। অসুস্থদের চিকিৎসা সেবা চলছে। তারা দ্রুত সুস্থ হয়ে উঠবে বলে এই চিকিৎসক মন্তব্য করেন।

এমএনজে