জেলার জলঢাকা উপজেলার কাঁঠালী ইউনিয়নের চেয়ারম্যান সোহরাব হোসেন তুহিনের হাতে জলঢাকা উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সাদেকুজ্জামান ও অপর দুই কর্মকর্তা মারধরের শিকার হওয়ার ঘটনায় অবশেষে মামলা দায়ের হয়েছে।

উক্ত কৃষি সম্প্রসারণ কর্মকর্তা নিজে বাদী হয়ে এই মামলাটি দায়ের করেন। এতে কাঠালী ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেনকে প্রধান আসামী করে অজ্ঞাত আরও ১৫ থেকে ২০ জনকে আসামী করা হয়েছে।

ইউনিয়নের চেয়ারম্যান সোহবার হোসেন তুহিন জলঢাকা উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক এবং জলঢাকা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সহীদ হোসেন রুবেল এর ছোট ভাই। এদিকে মামলা হচ্ছে বুঝতে পেরে গতকাল সোমবার দুপুরে ইউপি চেয়ারম্যান ৪০ দিনের কর্মসৃজন প্রকল্পের নারীদের নিয়ে এসে কৃষি কর্মকর্তাদের বিরুদ্ধে জলঢাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।

উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা সাদেকুজ্জামান তার দায়ের করা মামলায় অভিযোগ করেন, গত রবিবার দুপুর ১.৪০ টার দিকে কাঠালী ইউনিয়নের চেয়ারম্যান সোহরাব হোসেন তুহিন অপরিচিত ১৫থেকে ২০ব্যাক্তিকে সঙ্গে নিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করতে করতে তার কার্যালয়ে ঢুকেন। এবং সোহরাব হোসেনের হাতে থাকা লাঠি দিয়ে অতর্কিতভাবে তিনি তাকে মারপিট শুরু করেন, এবং হত্যার উদ্যেশ্যে দুই হাত দিয়ে গলা টিপে ধরেন।

এ সময় হরেন্দ্র নাথ রায় ও জাহাঙ্গীর আলম নামের দুই উপ সহকারী কৃষি কর্মকর্তার ওপর চড়াও হন তিনি। অপরদিকে চেযারম্যানের অভিযোগ ওই কৃষি কর্মকর্তারা দালালের মাধ্যমে অর্থের বিনিময়ে কাঠালী ইউনিয়নে সরকারী ধান ক্রয়ে ভূমিহীন ও কম সংখ্যক কৃষকের নামের তালিকাভুক্ত করেছেন। সোহরাব হোসেন তুহিনের এমন অভিযোগের সত্যতা অস্বীকার করেন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সাদেকুজ্জামান।

তিনি বলেন, চলতি বোরো ধান সংগ্রহ অভিযানে জলঢাকা উপজেলার ১১ ইউনিয়ন ও একটি পৌরসভা এলাকার কৃষকদের সরকারী খাদ্য গুদামে সরাসরি ধান বিক্রির জন্য ২১৭৬ মেট্রিক টন ধানের বরাদ্দ দেওয়া হয়। এরমধ্যে কাঁঠালী ইউনিয়নের জন্য বরাদ্দ দেয়া হয় প্রায় ২৫০ মেট্রিক টন ধান।

ওই ইউনিয়নে ৫১২ জন কৃষকের তালিকা করা হয়েছে এর মধ্যে ৩৩৪ নম্বর ক্রমিকে চেয়ারম্যান সোহরাব হোসেনের নামও আছে। এ ব্যাপারে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক গোলাম মো. ইদ্রিস বলেন, এ ঘটনায় সোমবার বিকেলে জলঢাকা থানায় মামলা করা হয়েছে।

জলঢাকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দিলওয়ার হাসান ইনাম বলেন, সোমবার বিকেলে উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সাদেকুজ্জামান নিজে বাদি হয়ে কাঁঠালী ইউনিয়নের চেয়ারম্যান সোহরাব হোসেনসহ অজ্ঞাত আরও ১৫ থেকে ২০জনকে আসামী করে মামলাটি দায়ের করেছেন।

মামলাটির তদন্ত চলছে। অপরদিকে উপজেলার উপ সহকারী কৃষি কর্মকর্তা আনছারুল হক, হরেন্দ্র রায় ও জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে কতিপয় দালালের যোগসাজসে মোটা অংকের অর্থের বিনিময়ে ভূমিহীনদের নামে সরকারী ধান ক্রয়ের তালিকায় অন্তর্ভূক্ত করার অভিযোগ এনে সোহরাব হোসেন তুহিনের নেতৃত্বে সোমবার দুপুরে জলঢাকায় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত করা হয়।

৪০ দিনের কর্মসৃজন নারীদের জোর করে নিয়ে এসে উপজেলা শহরের সোনালী ব্যাংক কার্যালয় সংলগ্ন তুহিনের বাস ভবনের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের করে। মিছিলটি শহর প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে সমাবেশে মিলিত হয়। সেখানে সমাবেশে বক্তব্য রাখেন, ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেন তুহিন।

সমাবেশ শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর স্বারকলিপি জমা দেন। বিক্ষোভ সমাবেশে তিনশতাধিক শতাধিক নারী পুরুষ অংশ নেন। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক অংশগ্রহণকারী সাংবাদিকদের জানান, তারা কাঠালী ইউনিয়নের ৪০দিনের কর্মসৃজন কর্মসুচীর শ্রমিক। চেয়ারম্যান তুহিন সাহেব ডেকেছেন বলে তারা এসেছেন।

অনেকে জানান, কালকে নাকি ইউএনও অফিসে ভাঙ্গাভাঙ্গি হইছে, তারই প্রতিবাদে আমরা মিছিল করছি। এ ব্যাপারে কাঠালী ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেন তুহিন সমাবেশে বক্তব্য রাখার বিষয়টি নিশ্চিত করে সাংবাদিকদের জানান, কোনো কর্মসুচী ছাড়াই কৃষি কর্মকর্তাদের দুর্নীতির বিরুদ্ধে এলাকার জনগন বিক্ষোভ সমাবেশ করেছেন।

এমআর