বরিশালে স্ত্রীকে হত্যার দায়ে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে দণ্ডিতকে ৫০ হাজার টাকা জরিমানাও করা হয়।
বৃহস্পতিবার বিকালে বরিশাল প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদীব আলী এ রায় দেন বলে জানান আদালতের বেঞ্চ সহকারী জাকির হোসেন।
দণ্ডপ্রাপ্ত মোস্তফা সরদার গৌড়নদী উপজেলার কসবা গ্রামের বাসিন্দা।
মামলার নথি থেকে জানা যায়, ২০১০ সালের শুরুতে একই গ্রামের লাল মিয়ার স্ত্রী ভুলু বেগমকে দ্বিতীয় বিয়ে করলে মোস্তফার সঙ্গে তার প্রথম স্ত্রী কহিনুর বেগমের পারিবারিক কলহ শুরু হয়। এর জেরে বিভিন্ন সময় কহিনুরের উপর মোস্তফা নির্যাতন চালাত।
২০১০ সালের ১ ফেব্রুয়ারি কহিনুরের নিখোঁজ হন। এর তিনদিন পর মোস্তফার ঘর থেকে কহিনুরের ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ।
বেঞ্চ সহকারী জাকির হোসেন জানান, এ ঘটনায় ওইদিনই পাঁচজনকে আসামি করে একটি হত্যা মামলা করেন কহিনুরের বাবা।
ওই বছরের ৩১ মে তদন্তকারী কর্মকর্তা এসআই শাহজালাল খলিফা তিনজনের নামে অভিযোগপত্র দেন বলে জানান জাকির। অভিযোগ প্রমাণিত না হওয়ায় মোস্তফার দ্বিতীয় স্ত্রী ভুলু বেগম এবং তার প্রথম স্বামী লাল মিয়াকে খালাস দেওয়া হয়েছে বলে জানান এই বেঞ্চ সহকারী।
কেএইচ





