কবি রফিক আজাদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

একুশে পদক ও বাংলা একাডেমি পুরস্কারজয়ী এই কবি শনিবার মারা গেছেন; তার বয়স হয়েছিল ৭৪ বছর।

রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন বলেন, এক শোক বাণীতে রাষ্ট্রপতি বলেন, রফিক আজাদের মৃত্যুতে বাংলাদেশের সাহিত্য অঙ্গনের যে ক্ষতি হলো তা পূরণ হওয়ার নয়। বাংলা কবিতার জগতে রফিক আজাদের অবদান জাতি চিরদিন স্মরণ রাখবে।

তিনি বলেন, রাষ্ট্রপতি কবির বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।

রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার দুপুরে মারা যান ‘ভাত দে হারামজাদা- তা নাহলে মানচিত্র খাব’ খ্যাত রফিক আজাদ।

গত জানুয়ারিতে রফিক আজাদের ‘ব্রেইন স্ট্রোক’ হলে তাকে প্রথমে বারডেম হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে নেওয়া হয় আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতালে।

এরপর তাকে নেওয়া হয় বিএসএমএমইউতে। এই হাসপাতালেই নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ছিলেন তিনি।

 

এআই