নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় অপহরণের ২১ দিন পর স্কুল ছাত্র শক্কুর আলীর (১২) লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় ওই ছাত্রের মামাসহ ৩ অপহরণকারীকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার বিকাল ৪টার দিকে স্রোতী নদীর তলদেশ থেকে শক্কুর আলীর গলিত এবং খন্ডিত লাশ উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, গত ৯ জুন নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার পাইকুড়া ইউনিয়নের চিটুয়া নওপাড়া গ্রামের ফারুক আহম্মেদের নওপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্র শুক্কুর আলী (১২) বাড়ি থেকে নিখোঁজ হয়।
নিখোঁজের পর অপহরণকারীরা মোবাইলে তার বাবার কাছে ৬ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। মুক্তিপণ না পেয়ে অপহরণকারীরা শুক্কুর আলীকে হত্যা করে গ্রামের পাশের স্রোতী নদীর পাড়ে মাটিতে গর্ত করে পুতে রাখে।
অপহরণের বিষয়টি কেন্দুয়া থানা পুলিশকে জানালে তথ্য প্রযুক্তির মাধ্যমে শুক্কুর আলীর মামা শামীমসহ একই এলাকার সোহাগ ও হুমায়ুনকে গ্রেফতার করে পুলিশ।
অতিরিক্ত পুলিশ সুপার সাদিয়া খাতুন জানান, কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ অভিরঞ্জন দেবের নেতৃত্বে একদল পুলিশ এলাকাবাসীর সহযোগিতায় স্রোতী নদীর তলদেশ থেকে শক্কুর আলীর গলিত এবং খন্ডিত লাশ উদ্ধার করে।
ঢাকা, ১ জুলাই (টাইমনিউজবিডি.কম) // কেএইচ





