নাটোরে জেলা পরিষদের ভুঁয়া কাগজপত্রে (ভুয়াঁ কার্যাদেশে) রাস্তার গাছ কেটে নেয়ার সময় বুধবার বিকেলে জেলা পরিষদের এক পিয়নসহ চারজনকে আটক করে পুলিশে দিয়েছে বাগাতিপাড়া উপজেলা নির্বাহী অফিসার খোন্দকার ফরহাদ আহমদ। ভারপ্রাপ্ত জেলা প্রশাসক কাজী আতিয়ুর রহমান খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শণ করেছেন।

পুলিশ ও আটককৃতরা জানায়, নাটোর জেলা পরিষদের আওতাভুক্ত বাগাতিপাড়া-লালপুর সড়কের চিমনা থেকে ওয়ালিয়া বাজার পর্যন্ত এলাকার তাজা, মরা ও ভাঙ্গা গাছ গত দুদিন থেকে গাছ কাটতে থাকে।

খবর পেয়ে বাগাতিপাড়া উপজেলা নির্বাহী অফিসার খোন্দকার ফরহাদ আহমদ ঘটনাস্থলে গিয়ে গাছ কাটার কার্যাদেশ দেখতে চাইলে তারা জেলা পরিষদের সহকারী প্রকৌশলী আজমল হোসেন স্বাক্ষরিত কার্যাদেশ দেখান।

কার্যাদেশে সদরের ছাতনী গ্রামের জনৈক শাহাদত হোসেন ছয় হাজার ৬৩৬ টাকায় এই সড়কের বিভিন্ন প্রজাতির ৪১টি মরা ও ভাঙ্গা গাছ কাটার কার্যাদেশ পেয়েছেন বলে উল্লেখ রয়েছে।

পরে উপজেলা নির্বাহী অফিসার জেলা পরিষদে খবর নিয়ে জানতে পারেন এ ধরনের কোন কার্যাদেশ দেয়া হয়নি।

এ সময় উপজেলা নির্বাহী অফিসার পুলিশ ডেকে নাটোর জেলা পরিষদের পিয়ন সদর উপজেলার ছাতনী গ্রামের নাজিম উদ্দিনের ছেলে সাজেদুর রহমান (), শ্রমিক একই গ্রামের রফিকুল ইসলাম (৩০), একই এলাকার হারিগাছা গ্রামের আব্দুল্লাহ মিয়া (৬০) ও বনবেলঘড়িয়া গ্রামের মাসুদ রানা (৩৩) কে আটক করে।

এ ঘটনায় নাটোর জেলা পরিষদের সিএ রুস্তম আলী বাদী হয়ে বাগাতিপাড়া থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মামলায় বিভিন্ন প্রজাতির ৪১টি মরা ও ভাঙ্গা গাছের পাশাপাশি ৩০টি ভাল গাছ কাটার অভিযোগ করা হয়েছে।

এসএইচ