সাতক্ষীরার শ্যামনগরে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে বনদস্যু আলাল বাহিনীর প্রধান আলাল গাজী (৪৫) ও তার সহযোগী সাইদুল সরদার (৩০) নিহত হয়েছেন।

এ ঘটনায় পুলিশের দুই উপ-পরিদর্শকসহ (এসআই) তিনজন আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে একটি শার্টার গান ও ১০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

সোমবার রাত ১০টার দিকে শ্যামনগর উপজেলার বড় কুপট গ্রামের জামান ইটভাটা এলাকায় নদীর পাড়ে এ ঘটনা ঘটে।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, রাতে গোপন সংবাদের ভিত্তিতে বড় কুপটে অভিযান চালালে বনদস্যু আলাল বাহিনীর সদস্যরা পুলিশকে লক্ষ করে গুলি ছোড়ে। এ সময় উভয়পক্ষের মধ্যে গুলি বিনিময়ের ঘটনা ঘটে।

তিনি জানান, উভয় পক্ষের গোলাগুলিতে দুই বনদুস্য গুলিবিদ্ধ এবং পুলিশের তিন সদস্য আহত হন।

তাদেরকে উদ্ধার করে শ্যামনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আলাল ও সাইদুলকে মৃত ঘোষণা করেন। এছাড়া পুলিশ সদস্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

এমকে