বুধবার রাতে ফেনীর ছাগলনাইয়ায় পৌর ও রাধানগর ইউনিয়নের ভূমি অফিস পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। এছাড়া পৌরসভার মির্জার বাজারে যুবদল নেতার মালিকাধীন দোকানসহ ৪টি দোকান জ্বালিয়ে দিয়েছে দুর্বৃত্তরা। ভূমি অফিসে অগ্নিসংযোগের ঘটনায় জড়িত সন্দেহে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রবিউল হক মাহবুবকে আটক করেছে পুলিশ ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার রাত সোয়া ৩টার সময় রাধানগরে ভূমি অফিসে বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণের পর ভূমি অফিসে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। ওই সময় অফিসের ভেতরে অবস্থানরত পাহারাদার আবুল কাশেম পালিয়ে প্রাণে রক্ষা পেয়েছেন।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে আসার আগেই ভূমি অফিস ও অফিসে সংরক্ষিত মূলবান কাগজ ও আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়। ওই অফিসে ছাগলনাইয়া পৌরসভা ও রাধানগর ইউনিয়নের ১০ হাজার হোল্ডিং, ১১০টি বালাম ও হাল-সাবেক খতিয়ানের বইসহ দরকারী কাগজপত্র পুড়ে ছাই হয়ে গেছে বলে ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা আইয়ুব আলী জানিয়েছেন।
অন্যদিকে রাত আড়াইটার দিকে পৌরসভার মির্জার বাজারে ব্যাপক বোমাবাজি করে যুবদল নেতা তুহিনের মালিকাধীন দোকানসহ ৪টি দোকানে আগুন দিয়েয়েছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার সকালে ঘটনাস্থলে গেলে দোকানের মালিক হাজী রবিউল হক, হালিমসহ স্থানীয়রা জানান, গত শনিবার রাতেও তুহিনের দোকানে আগুন দিয়েছিল দুর্বৃত্তরা। তবে স্থানীয়রা টের পাওয়ায় দোকানগুলো রক্ষা পেয়েছিল।
এদিকে, ভূমি অফিস পোড়ার খবর পেয়ে আজ ভোরে উপজেলা নির্বাহী অফিসার, ওসি রাশেদ খাঁন চৌধুরীসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
জেআই





