লালমনিরহাটে ট্রেনে দুর্ঘটনায় এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত ব্যক্তির নাম সিরাজুল ইসলাম (৫৫)বলে জানা যায়।

বুধবার সকাল ৭টার দিকে লালমনিরহাটের তিস্তা রেল স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সিরাজুল ইসলাম লালমনিরহাট সদর উপজেলার তিস্তা তোকদার পাড়া গ্রামের বাসিন্দা।

তিস্তা রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশন মাস্টার নুর ইসলাম জানান, লালমনিরহাট থেকে ছেড়ে আসা পার্বতীপুরগামী সিক্সটি ওয়ান (কমিউটার) ট্রেনটি তিস্তা রেল স্টেশন ছেড়ে যায়। ট্রেনটি আউট সিগনাল অতিক্রম করার সময় পথচারী সিরাজুল ইসলাম রেল লাইন পার হতে গেলে ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

লালমনিরহাট রেলওয়ে (জিআরপি) থানার উপ-পরিদর্শক (এসআই) আবু শাহীন কাদির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ঢাকা, ৩০ জুলাই, টাইমনিউজবিডি.কম, এসএইচ