গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় ডাকাতের ধারালো অস্ত্রে দুলাল মিয়া (৩২) নামের এক যুবক নিহত হয়েছেন। এসময় বাবলু মিয়া নামে আরো একজন গুলিবিদ্ধ হয়েছেন বলে খবর পাওয়া গেছে।

মঙ্গলবার (২২ আগস্ট) দিবাগত রাত ২টার দিকে ফজলুপুর ইউনিয়নের চরচৌমুহন (বুলবুলির চর) গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত দুলাল মিয়া ওই গ্রামের সাইফুল ইসলামের ছেলে। গুলিবিদ্ধ বাবলু মিয়া একই এলাকার মগবুল হোসেনের ছেলে। তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ফুলছড়ি থানার ওসি আবু হায়দার মো. আশরাফুজ্জামান জানান, রাত ২টার দিকে ডাকাতরা দুলাল মিয়ার বাড়িতে ডাকাতির চেষ্টা চালায়। এসময় বাধা দিলে ডাকাতরা তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপায়। এতে বাড়ি ওয়ালা দুলাল মিয়া ঘটনাস্থলেই নিহত হন।

এসময় দুলালের চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসেন। তাদের প্রতিরোধের মুখে ডাকাতরা পালিয়ে যাওয়ার সময় গুলিবর্ষণ করলে বাবলু মিয়া নামের আরো একজন গুলিবিদ্ধ হয়েছেন বলে জানান ওসি।

এমবি