রাজশাহীতে পরকীয়ার অভিযোগে স্ত্রীকে গলাকেটে হত্যা করে স্বেচ্ছায় থানায় হাজির হয়েছেন স্বামী। 

বৃহস্পতিবার (১৮ জুলাই) দিবাগত রাত আড়াইটার দিকে পবা উপজেলার কলারটিকর গ্রামে এই ঘটনা ঘটে।

ওই ব্যক্তির নাম রেন্টু আহমেদ ওরফে শরিফুল (৩৬)। তার স্ত্রী লাভলী বেগমকে (২৮)।

পুলিশ জানায়, ঘাতক ঘুমন্ত স্ত্রীর মাথায় আঘাত করেন। এরপর গলা ও পায়ের রগ কেটে মৃত্যু নিশ্চিত করেন রেন্টু। পরে রাত সাড়ে ৩টার দিকে বাড়ি থেকে প্রায় ছয় কিলোমিটার দূরে পবার দামকুড়া থানায় গিয়ে হাজির হন। থানায় গিয়ে পুলিশকে তিনি তার স্ত্রী লাভলী বেগমকে (২৮) হত্যা করেছেন বলে অকপটে স্বীকার করেন। পুলিশ তখন তাকে আটক করে। এরপর রাতেই তার বাড়ি তল্লাশি চালায় পুলিশ। পুলিশ গিয়ে ঘটনার সত্যতা নিশ্চিত হন।

পবার দামকুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বলেন, রেন্টুর অভিযোগ তার স্ত্রী পরকীয়া প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন। তাই তাকে হত্যা করেছেন। রেন্টু একজন নির্মাণ শ্রমিক। তার দু’টি সন্তানও রয়েছে। রেন্টুর বাবার নাম কাশেম ওরফে খোকা। কয়েক বছর আগে একই উপজেলার সাইরপুকুর গ্রামের বাবলু মিয়ার মেয়ে লাভলীর সঙ্গে তার বিয়ে হয়।

ওসি আরও জানান, নিহত লাভলীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় লাভলীর বাবা বাবলু রেন্টুর বিরুদ্ধে হত্যা মামলাও দায়ের করেছেন। দুপুরে রেন্টুকে আদালতে হাজির করা হয়। সেখানে ১৬৪ ধারায় তার স্বীকারোক্তিমূলক জবানবন্দী রেকর্ড করা হবে।

উল্লেখ্য, রাজশাহীর পবা উপজেলার বায়া ভোলাবাড়ি এলাকায় ২০১৬ সালের ১৭ এপ্রিল স্ত্রীকে জবাই করে আত্মসমর্পণ করেছিলেন এক ব্যক্তি। বৃহস্পতিবারই (১৮ জুলাই) তার ফাঁসির আদেশ দেয়া হয়েছে। 

এমবি