জাতিসংঘের পরমাণু অস্ত্র নিরস্ত্রীকরণ চুক্তিতে স্বাক্ষর করবে বাংলাদেশ। জাতিসংঘের সাধারণ পরিষদের ৭২তম অধিবেশনে বাংলাদেশের পক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং জাতিসংঘের পক্ষে মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস স্বাক্ষর করবেন।
আজ সোমবার বেলা ১১টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তাঁর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এই চুক্তি স্বাক্ষরের একটি প্রস্তাব অনুমোদন দেয় মন্ত্রিসভা।
বৈঠক শেষে দুপুর আড়াইটার দিকে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে চুক্তির বিষয়ে জানান মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম।
মন্ত্রিপরিষদ সচিব জানান, আগামী ১৯ সেপ্টেম্বর জাতিসংঘের সদর দপ্তরে এই চুক্তি স্বাক্ষর হতে পারে। বৈঠকে পররাষ্ট্র মন্ত্রণালয় উপস্থাপিত ‘ট্রিটি অন দ্য প্রোহিভিশন অব নিউক্লিয়ার ওয়েপেন্স’ প্রস্তাবটি অনুমোদন দেওয়া হয়। এর আগে এই প্রস্তাবে ১২২টি দেশ স্বাক্ষর করে।
শফিউল আলম আরো জানান, আজকের মন্ত্রিসভার বৈঠকে টেকসই উন্নয়নের লক্ষ্য অর্জনে সরকারের প্রস্তুতির বিষয়ে মন্ত্রিসভাকে জানায় পরিকল্পনা বিভাগ। এ ছাড়া বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে বিমান চলাচলের বিষয়ে একটি চুক্তির খসড়া মন্ত্রিসভা অনুমোদন দেয়।
পরমাণু অস্ত্রমুক্ত বিশ্ব গড়তে দীর্ঘদিন আলোচনার পর গত ৭ জুলাই জাতিসংঘের সাধারণ পরিষদে পরমাণু অস্ত্র নিরস্ত্রীকরণ চুক্তি গৃহীত হয়। আগামী ২০ সেপ্টেম্বর নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে সাধারণ পরিষদের অধিবেশনের সময় সদস্য দেশগুলোর স্বাক্ষরের জন্য চুক্তিটি উন্মুক্ত করে দেওয়া হবে। সদস্য দেশগুলোর মধ্যে ৫০টি দেশের অনুসমর্থনের দলিল জমা হওয়ার ৯০ দিন পর চুক্তিটি কার্যকর হবে।
এমএ





