শিমুলিয়া-কাঠালবাড়ী নৌপথে ঘন কুয়াশার কারণে ফেরি চলাচল বন্ধ রয়েছে। দুর্ঘটনা এড়াতে গতকাল মঙ্গলবার রাত  ৯টা থেকে ফেরি চলাচল বন্ধ করে দেয় বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ। কুয়াশা না কমায় আজ বুধবার সকাল সোয়া ৮টা পর্যন্ত ফেরি চলাচল বন্ধ রয়েছে।

এ সময় দুই পার থেকে ছেড়ে যাওয়া পাঁচটি ফেরি দিক নির্ণয় বয়াতি না দেখায় মাঝ নদীর বিভিন্ন পয়েন্টে নোঙড়ে রয়েছে। মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়া পাড়ে চার শতাধিক ছোট বড় যানবাহন পারাপারের অপেক্ষায় আছে।

ঢাকাসহ বিভিন্ন এলাকা থেকে ছেড়ে আসা দক্ষিণবঙ্গগামী ৪০টি নাইট কোচ সকালেও পার হতে পারেনি। রাতে মাঝ নদীতে ও ঘাটে আটকে থাকা এ রুটের হাজারো যাত্রীদের কনকনে ঠাণ্ডা ও কুয়াশায় চরম ভোগান্তিতে পড়তে হয়েছে।

এর আগে গতকাল শিমুলিয়া ঘাট এলাকায় সাড়ে তিন শতাধিক ছোট বড় যানবাহন পারাপারের অপেক্ষায় ছিল দুপুর পর্যন্ত। এর মধ্যে ছোট গাড়ি ও ট্রাকের সংখ্যাই বেশি। রাতে পার না হতে পারা নাইট কোচগুলোকে আগে পার করার ব্যবস্থা করে ঘাট কর্তৃপক্ষ।

বিআইডব্লিউটিসির মাওয়ার ব্যবস্থাপক ফয়সাল আহমেদ জানান, ঘন কুয়াশার কারণে গতকাল রাত ৯টা থেকে ফেরি  চলাচল বন্ধ আছে। বন্ধ থাকায় শিমুলিয়া পাড়ে চার শতাধিক যানবাহন আটকে আছে। কুয়াশার কারণে মাঝ নদীতে রাতে পাঁচটি ফেরি নোঙড় করে আছে।

এমআর