পেশাগত ক্ষেত্রে সর্বোচ্চ দক্ষতা প্রদর্শন করায় বগুড়ায় পুলিশ বাহিনীর ১৮সদস্যকে পুরস্কৃত করা হয়েছে। বৃহস্পতিবার বগুড়ায় পুলিশের মাসিক কল্যাণ সভায় পুলিশ সুপার আলী আশরাফ ভুঞা তাদের হাতে ক্রেস্ট তুলে দেন।
সভায় অতিরিক্ত পুলিশ সুপার মোকবুল হোসেন ও ডিএসবির অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল জলিল মন্ডলসহ উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বগুড়া পুলিশ লাইন্স অডিটোরিয়ামে অনুষ্ঠিত ওই সভায় গেল আগস্ট মাসে ৬টি ক্যাটাগরীতে ওই পুরষ্কার প্রদান করা হয়।
এগুলো হলো,‘বিশেষ পুরস্কার’,‘চৌকস কার্য সম্পাদন’, ‘সর্বোচ্চ প্রসিকিউশন দাখিলকারী’, ‘শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী’, ‘শ্রেষ্ঠ আগ্নেয়াস্ত্র উদ্ধারকারী’ এবং ‘গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটনকারী’।
বগুড়ায় পুলিশের মিডিয়া বিভাগের প্রধান অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী জানান, ওই ছয় ক্যাটারীতে আনসার সদস্য, পুলিশের কনস্টেবল, এএসআই, এসআই, সার্জেন্ট, ইন্সপেক্টর, ট্রাফিক ইন্সপেক্টর এবং সার্কেল অফিসারদের পুরষ্কারের জন্য নির্বাচিত করা হয়।
পুলিশের ওই মাসিক কল্যাণ সভায় গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটনকারী হিসেবে অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার দুই সার্কেল অফিসারসহ ৫জনকে পুরস্কৃত করা হয়।
তারা হলেন, বগুড়া সদর সার্কেলের সার্কেল অফিসার অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী, শেরপুর সার্কেলের সার্কেল অফিসার অতিরিক্ত পুলিশ সুপার গাজিউর রহমান, দুপচাঁচিয়া থানার ইন্সপেক্টর (তদন্ত)শহিদুল ইসলাম, দুপচাঁচিয়া থানার এস আই আব্দুর রহিম এবং বগুড়া সদর থানার এস আই শাহজাহান আলী। চৌকস কার্য সম্পাদনকারী ক্যাটাগরীতে শ্রেষ্ঠ সার্কেল অফিসার হিসেবে পুরস্কৃত হয়েছেন আদমদীঘি সার্কেলের সিনিয়র সহকারি পুলিশ সুপার আলমগীর রহমান। শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) হয়েছেন বগুড়া সদর থানার এস এম বদিউজ্জামান। শ্রেষ্ঠ এস আই নির্বাচিত হয়েছেন, শিবগঞ্জ থানাধীন মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের রেজাউল করিম, আদমদীঘি থানার তোজাম্মেল হকও ডিবি’র ফয়সাল হাসান। শ্রেষ্ঠ এএসআই নির্বাচিত হয়েছেন বগুড়া সদর থানার আব্দুস সালাম ও সোনাতলা থানার নজরুল ইসলাম। শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী হিসেবে পুরস্কার পেয়েছেন শাজাহানপুর থানার এস আই রামজীবন ভৌমিক।
এস আই মিরাজ/এসএম





