লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় বজ্রপাতে অনন্ত ৩০ জন আহত হয়েছেন। এদের মধ্যে ২১ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে পাটগ্রাম পৌরসভাসহ বিভিন্ন গ্রামে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- পাটগ্রাম উপজেলার বাংলাবাড়ী গ্রামের ফরিদা বেগম (২৬), দীপ্তি আক্তার (৯), রাবেয়া আক্তার (১২), মর্জিয়া (৮), মাহারুফ (৬), জিয়াদ (৭), রমিছা বেগম (৪৫), সামিউল (১২), রুমানা (৮), মাহফুজা (১০), সুজন (১১), মির্জারকোর্ট গ্রামের আখলিমা বেগম (৪৫), ধবলসুতী গ্রামের হাবিবা (৭), জগতবেড় গ্রামের আলম (৩৫), উফারমারা গ্রামের মরিয়ম (১০), দীপু (৮), পানবাড়ী গ্রামের শাহেদা (৬০) জোংড়া মমিনপুর গ্রামের এনামুল হক (৩৫), আঁখি আক্তার (২২), শমসেরপুর গ্রামের ফজিলা (৫৫) ও জাহানারা (৪৪)।
এদের মধ্যে ১৯ জনকে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি এবং জগতবেড় গ্রামের আলম ও জোংড়া মমিনপুর গ্রামের এনামুল হকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এছাড়া বাকি নয়জনকে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।
এলাকাবাসী জানান, মঙ্গলবার দুপুরে হঠাৎ বজ্রপাতের ঘটনা ঘটে। এ সময় এ ঘটনায় যারা আহত হয়েছেন তারা ঘরের বাইরে বিভিন্ন কাজে ব্যস্ত ছিলেন। স্থানীয়রা তাদের উদ্ধার করে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. প্রণব কুমার বলেন, বজ্রপাতে নারী-পুরুষ-শিশুসহ ৩০ জন আহত হয়েছে। এ পর্যন্ত ২১ জন স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছে। এদের মধ্যে দুইজনের অবস্থা গুরতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাদের রংপুরে মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
কেএইচ





