ট্রাকের ধাক্কায় শ্যালো ইঞ্জিন চালিত নসিমন উল্টে দুই যাত্রী নিহত হয়েছেন। এতে গুরুতর আহত হয়েছেন আরো চারজন।
শনিবার বেলা সাড়ে ১১টার দিকে নারায়ণগঞ্জের রূপগঞ্জে এশিয়ান হাইওয়েতে (বাইপাস) এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- উপজেলার কাঞ্চন পৌরসভার কেন্দুয়া এলাকার আব্দুল হামিদের ছেলে কবির হোসেন (২৮) ও আব্দুল করিমের ছেলে ইসমাইল হোসেন (২৪)।
আহতরা হলেন- একই এলাকার ফজল উদ্দিনের ছেলে আরমান হোসেন (২২), নসিমন চালক আবুল হোসেনের ছেলে আরিফ হোসেন (২৫), আলী আকবরের ছেলে রাজু আহাম্মেদ (২৬) ও আব্দুর রহিমের ছেলে রাকিবুল ইসলাম (১৭)।
এদের মধ্যে আরিফ হোসেনের অবস্থা গুরুতর। এ অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
জানা গেছে, সকালে গোলাকান্দাইল এলাকায় একটি ট্রাক কাঞ্চন থেকে ভুলতাগামী একটি নসিমনকে ধাক্কা দেয়। এতে নসিমন উল্টে ঘটনাস্থলেই এর দুই যাত্রী মারা যান। এ দুর্ঘটনায় আহত হন আরো চারজন। স্থানীয়দের সহযোগিতায় পুলিশ ঘাতক ট্রাক ও চালক-হেলপারকে আটক করেছে।
জেএ





