বাগেরহাটের মোরেলগঞ্জে দুই সহোদর শিশু হত্যা মামলার প্রধান আসামি বাচ্চু মৃধাকে (৪০) গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার রাত ১০টার দিকে খুলনার রূপসা এলাকা থেকে পুলিশ তাকে গ্রেফতার করে।

গ্রেফতার বাচ্চু মৃধা মোরেলগঞ্জ উপজেলার বারুইখালি ইউনিয়নের পায়লাতলা গ্রামের মৃত বারেক মৃধার ছেলে।

বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার হায়াতুল ইসলাম জানান, উপজেলার বারুইখালি ইউনিয়নের পায়লাতলা গ্রামে দুই সহোদর শিশু খুনের ঘটনায় প্রধান অভিযুক্তকে মোরেলগঞ্জ থানা পুলিশের একটি দল খুলনার রূপসা এলাকা থেকে গ্রেফতার করেছে।

তিনি আরও জানান, গ্রেফতারের পর তাকে মোড়েলগঞ্জ থানায় নিয়ে আসা হয়েছে। বর্তমানে তাকে থানায় রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

এর আগে শুক্রবার বিকালে নিহত শিশু দু’টির বাবা হাওলাদার লোকমান হোসেন বাবু বদি হয়ে বাচ্চু মৃধাকে প্রধান আসামি করে মোরেলগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

এর আগে শুক্রবার দুপুরে মোরেলগঞ্জ উপজেলার বারুইখালি ইউনিয়নের পায়লাতলা গ্রামের বসত বাড়ির পাশের একটি ডোবা এবং পুকুর থেকে মিরাজুল হাওলাদার (১১) ও রিয়াজুল হাওলাদারের (৮) মৃতদেহ উদ্ধার করে পুলিশ।

জমি সংক্রান্ত বিরোধের জেরে বাচ্চু মৃধা বৃহস্পতিবার রাতেতাদের হত্যা করে বলে মামলা ও স্থানীয় সূত্রে জানা গেছে।

ঢাকা, ১৩ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এআর