কক্সবাজারের উখিয়ায় র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ জাহাঙ্গীর আলম নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।
গতকাল (২২ সেপ্টেম্বর) বুধবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার জালিয়াপালং ইউনিয়নের দক্ষিণ সোনাইছড়ি বায়তুশ শরফ এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত জাহাঙ্গীর জালিয়াপালং ইউনিয়নের ঘোনারপাড়া এলাকার বাসিন্দা।
কক্সবাজার র্যাব-১৫-এর অধিনায়ক উইং কমান্ডার আজিম আহমেদ দাবি করেন, বুধবার রাতে জালিয়াপালং ইউনিয়নের দক্ষিণ সোনাইছড়ি বায়তুশ শরফ এলাকায় মাদক উদ্ধারে গেলে র্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি চালায় মাদক কারবারিরা। আত্মরক্ষার্থে র্যাবও পাল্টা গুলি চালালে মাদক কারবারি জাহাঙ্গীর নিহত হন।
র্যাবের ওই কর্মকর্তা আরও দাবি করেন, ঘটনাস্থল থেকে একটি অস্ত্র, তিনটি গুলি ও ১০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
এমবি





