ব্যালট পেপার ছিনতাইয়ের অভিযোগে কুড়িগ্রামে ৫টি কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে। কেন্দ্রগুলো হচ্ছে- উলিপুর উপজেলায় হোকোডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মদিনাতুল উলুম সিনিয়র মাদ্রাসা, সদরের শিবরাম প্রাথমিক বিদ্যালয়, নাগেশ্বরীর কুটি নাওডাঙ্গা ফোরকানিয়া এবতেদায়ি মাদ্রাসা এবং রৌমারীর জাদুরচর ইউনিয়নের ধনারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়কেন্দ্র।

এবারের উপজেলা পরিষদ নির্বাচনে ভোটারের উপস্থিতি হতাশাজনক। ভোটকেন্দ্র এবং এর চারপাশে নেই কোনো কোলাহল। কেন্দ্রগুলোতে সব প্রার্থীর এজেন্টও পাওয়া যায়নি। সকাল ১০টা পর্যন্ত বেশ কয়েকটি কেন্দ্র ঘুরে এসব তথ্য পাওয়া যায়।

উলিপুরের হোকোডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রিসাইডিং অফিসার আবু বকর সিদ্দিক জানান, ৭নং বুথে একদল দুষ্কৃতকারী হামলা চালিয়ে একটি ব্যালট বাক্স, চেয়ারম্যানের একটি এবং দুই ভাইস চেয়ারম্যানের দুটি ব্যালট বই ছিনতাই করে নিয়ে যায়। সকাল ৯টায় ১০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।

অন্যদিকে মদিনাতুল উলুম সিনিয়র মাদ্রাসা কেন্দ্রের প্রিসাইডিং অফিসার মিজানুর রহমান জানান, সকাল ১০টা ৫ মিনিটের দিকে এই কেন্দ্রে হামলা চালিয়ে বেশ কিছু ব্যালট বই ছিনতাই করে নিয়ে যায়। পরে কিছু উদ্ধার করা সম্ভব হলেও ২০০ বই উদ্ধার করা সম্ভব হয়নি।

এদিকে নাগেশ্বরীর কুটি নাওডাঙ্গা ফোরকানিয়া এবতেদায়ি মাদ্রাসাকেন্দ্রের প্রিসাইডিং অফিসার সাদিকুর রহমান জানান, ১০টা ৪০ মিনিটে মহিলা ভাইস চেয়ারম্যানের ব্যালট পেপার ছিনতাই করে সিল মারা হয়।

সদর উপজেলার শিবরাম প্রাথমিক বিদ্যালয়কেন্দ্রের প্রিসাইডিং অফিসার মোস্তাফিজুর রহমান জানান, বেলা ১১টার দিকে একদল দুষ্কৃতকারী ৭নং বুথে ঢুকে সব ব্যালট পেপারে সিল মেরে বাক্সে ঢোকান। এর পর আমাকে চাপ সৃষ্টি করেন আরও ব্যালট পেপার দেয়ার জন্য। ফলে বাধ্য হয়ে ওই কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করা হয়।

এ ছাড়া রৌমারীর জাদুরচর ইউনিয়নের ধনারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়কেন্দ্রে দুষ্কৃতকারীর ৫০০ ব্যালট পেপার ছিনতাই করে জোর করে বাক্সে ঢোকানোর চেষ্টা করলে ভোটগ্রহণ স্থগিত করা হয়।

সরজমিনে সকাল সোয়া ৯টায় কুড়িগ্রাম আলিয়া মাদ্রাসাকেন্দ্রে গিয়ে ভোটারশূন্য অবস্থা পরিলক্ষিত হয়। এখানকার প্রিসাইডিং অফিসার আবু নছর বকসী জানান, এই কেন্দ্রে ভোটার দুই হাজার ৪৬০টি। বুথ ৭টি। এখানে ৭নং বুথে ভোট পড়েছে ৩টি। কারও কোনো এজেন্ট নেই। ৫নং বুথে আট এবং ৪নং বুথে ৫টি ভোট পড়েছে। বেশিরভাগ বুথে সব প্রার্থীর এজেন্ট নেই।

সকাল ৯টা ৪০ থেকে ৯টা ৫১ মিনিট পর্যন্ত ৮নং পশ্চিম কবিরাজপাড়া নুরানি তালিমুল কোরআন ও হাফিজিয়া মাদ্রাসায় গিয়ে দেখা যায়, এই কেন্দ্রের ৮নং বুথে মাত্র একটি ভোট পড়েছে। ১নং বুথে পড়েছে সর্বোচ্চ ৩৫ ভোট।

এখানকার প্রিসাইডিং অফিসার আবদুল হাই জানান, এই কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ৪ হাজার ৪১৭ জন। বুথ ১২টি। এখন পর্যন্ত গড় ভোটের সংখ্যা ১৩ দশমিক ৫৫ জন।

বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে বলে দাবি করেন রিটার্নিং অফিসার ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হাফিজুর রহমান। তিনি বলেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ এবং সব প্রার্থীর সমান সুযোগ করার পরও ভোটার উপস্থিতি আশাব্যঞ্জক নয়।

উল্লেখ্য, দেশে পঞ্চমবারের মতো উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। জেলার আট উপজেলায় ৩টি পৌরসভাসহ ৬৭ ইউনিয়নে ভোটার সংখ্যা ১৪ লাখ ২০ হাজার ৬০৭ জন। এর মধ্যে নারী ভোটার ৭ লাখ ২১ হাজার ৭৫৩ ও পুরুষ ভোটার ৬ লাখ ৯৮ হাজার ৮৫৪ জন। ৬৬১ কেন্দ্রের মধ্যে গুরুত্বপূর্ণ ৩৭৮টি কেন্দ্র চিহ্নিত করেছে আইনশৃঙ্খলা বাহিনী। ভোট কক্ষ রয়েছে ৪ হাজার ২০টি।

নির্বাচনে ২৪ চেয়ারম্যান, ৩৬ ভাইস চেয়ারম্যান এবং ২৭ জন মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। মোট প্রার্থীর সংখ্যা ৮৭ জন।

শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণের জন্য জেলায় বিজিবি ১৮ প্লাটুন, আনসার ও ভিডিপি ৮ হাজার ৫৫৬ জন এবং পুলিশ-র‌্যাবসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী ১১ হাজার ২১৩ জন। এ ছাড়া ২৭ নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে আইনশৃঙ্খলা বাহিনী নিরাপত্তার দায়িত্বে থাকবেন।

জেলার ফুলবাড়ী উপজেলায় বিলুপ্ত ছিটমহল দাশিয়ারছড়াকে ইউনিয়ন ঘোষণার দাবিতে হাইকোর্টে রিটের পরিপ্রেক্ষিতে স্থগিতাদেশ প্রদান করায় এই উপজেলায় নির্বাচন স্থগিদ করা হয়।

এমআর