রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ৪ জনের মৃত্যু হয়েছে।

শুক্রবার (০৮ অক্টোবর) সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টার মধ্যে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। এর আগের দিন করোনা ইউনিটে দুজনের মৃত্যু হয়েছিল।

রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় নওগাঁ জেলার দুজন, নাটোর ও চুয়াডাঙ্গার একজন করে রোগী মারা গেছেন। তবে চারজনই করোনা উপসর্গে ভুগছিলেন। করোনার নমুনা পরীক্ষার আগেই তাদের মৃত্যু হয়েছে। এর মধ্যে দুজন নারী ও দুজন পুরুষ রোগী ছিলেন। চলতি মাসে এ নিয়ে রামেক হাসপাতালের করোনা ইউনিটে ২৪ জনের মৃত্যু হলো। এর আগে গত সেপ্টেম্বরে ১৬৫ জনের মৃত্যু হয়েছে। এছাড়া আগস্টে ৩৬৪ জন, জুনে ৪০৫ জন এবং জুলাই মাসে সর্বোচ্চ ৫৩১ জনের মৃত্যু হয়েছিল।

শামীম ইয়াজদানী আরও জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে নতুন রোগী ভর্তি হয়েছেন ১৬ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ২০ জন। শুক্রবার সকাল ৮টা পর্যন্ত হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি ছিলেন ৯১ জন। হাসপাতালে করোনা ডেডিকেটেড শয্যা ১৯২টি।

এমবি