অনিয়ম-দুর্নীতি ও ঘুষ নেওয়ার অভিযোগে বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট কাস্টমস তল্লাশি কেন্দ্রের তিন কর্মকর্তাকে সেখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে।
গতকাল বৃহস্পতিবার রাতে তাঁদের প্রত্যাহার করা হয়।
বেনাপোল চেকপোস্ট তল্লাশি কেন্দ্রের রাজস্ব কর্মকর্তা হুমায়ুন কবীর আজ শুক্রবার এ তথ্য জানিয়েছেন।
প্রত্যাহার হওয়া তিন কর্মকর্তা হলেন রাজস্ব কর্মকর্তা কামরুল ইসলাম, সহকারী রাজস্ব কর্মকর্তা আজিজুল হক ও সুলতান মিয়া।
তাঁদের মধ্যে কামরুলকে কাস্টম হাউসের পোস্ট অডিট ও সুলতানকে নিলাম শাখায় ‘শাস্তিমূলক’ বদলি করা হলেও আজিজুল হককে কোনো পোস্টিং দেওয়া হয়নি।
বেনাপোল কাস্টমস ও সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত ১২ সেপ্টেম্বর কলকাতা থেকে ফিরে আসা বাংলাদেশি যাত্রী মোশারফ হোসেন মিন্টুর কাছ থেকে লাগেজ তল্লাশির ভয় দেখিয়ে দুই হাজার টাকা ঘুষ আদায় করেন ওই তিন কর্মকর্তা।
পরে ওই যাত্রী বেনাপোল কাস্টম হাউসের কমিশনার মো. শওকাত হোসেনের কাছে লিখিত অভিযোগ করেন। তদন্তে ঘটনাটির সত্যতা প্রমাণিত হওয়ায় ওই তিন কর্মকর্তাকে চেকপোস্ট থেকে সরিয়ে নেওয়া হয়।
এ বিষয়ে বেনাপোল কাস্টম হাউসের কমিশনার মো. শওকাত হোসেন বলেন, ‘চেকপোস্টে কর্মরত ওই তিন কর্মকর্তার কাজে কর্তৃপক্ষ সন্তুষ্ট হতে পারেনি। তাই তাঁদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।’
জেড





