নরসিংদীতে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই বজলু রহমানের (৪৫) মৃত্যু হয়েছে। শনিবার মনোহরদী উপজেলার দৌলতপুর ইউনিয়নের কুচেরচর পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, জমি-জমা নিয়ে দীর্ঘ দিন ধরে ছোট ভাই সোহেলের সাথে বজলু রহমানের বিরোধ চলছিল। আজ দুপুরে বাড়ির উঠান দিয়ে পানি প্রবাহকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে সোহেল তার বড় ভাই বজলুর রহমানকে ছুরিকাঘাত করে। এতে ঘটনাস্থলেই বড় ভাই নিহত হয়। পরে এলাকাবাসী সোহেলকে আটক করে পুলিশে সোপর্দ করে।
মনোহরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর হোসেন জানান, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
ঢাকা, ৫ জুলাই (টাইমনিউজবিডি.কম) // কেএইচ





