সিলেট সিটি করপোরেশনের (সিসিক) ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব পেয়েছেন কাউন্সিলর ও প্যানেল মেয়র-১ রেজাউল হাসান কয়েস লোদী।
নির্বাচিত মেয়র আরিফুল হক চৌধুরীকে স্থানীয় সরকার মন্ত্রণালয় সাময়িক বরখাস্ত করার পর তাকে এই দায়িত্ব দেয়া হয়।
এ বিষয়ে কয়েস লোদী জানান, বুধবার রাষ্ট্রপতির আদেশক্রমে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব সরজ কুমার নাথ স্বাক্ষরিত এক চিঠিতে দায়িত্বভার গ্রহণের জন্য অনুরোধ জানানো হয়েছে। চিঠিটি সিলেট সিটি করপোরেশনে এসে পৌঁছেছে।
প্রসঙ্গত, সিসিক মেয়র আরিফুল হক চৌধুরীকে বুধবার সাময়িক বরখাস্ত করে আদেশ জারি করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া হত্যা মামলায় তার বিরুদ্ধে অভিযোগপত্র গৃহিত হওয়ায় স্থানীয় সরকার মন্ত্রণালয় আইন (সিটি করপোরেশন) ২০০৯ এর ধারা ১২ এর ১ উপধারানুযায়ী তাকে বরখাস্ত করা হয়েছে বলে জানা গেছে।
ইআর





