বিএনপি নেতৃত্বাধীন ২০ দলের হরতাল চলাকালে গত ১১ ফেব্রুয়ারি চট্টগ্রামের পশ্চিম পটিয়ার বড় উঠান ইউনিয়নের শাহমিরপুর এলাকায় দুর্বৃত্তদের ছোঁড়া পেট্রোলবোমায় দগ্ধ পাঁচজনের মধ্যে একজনের মৃত্যু হয়েছে। নিহতের নাম-  মো. ইদ্রিস (১৭)।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে টানা ৬ দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে মারা যান তিনি।

নগরীর বায়োজিদ থানার অক্সিজেন মোড় এলাকায় একটি প্লাস্টিকের দোকানের সেলসম্যানের কাজ করতেন পেকুয়ার বাসিন্দা মো. ইদ্রিস। চার ভাই, চার বোনের মধ্যে ইদ্রিস সবার ছোট।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই জহিরুল ইসলাম।

প্রসঙ্গত, গত ১১ ফেব্রুয়ারি রাত সাড়ে ৯টায় চট্টগ্রামের পশ্চিম পটিয়ার বড় উঠান ইউনিয়নের শাহমিরপুর এলাকায় সিএনজি অটোরিকসাকে লক্ষ্য করে দুর্বৃত্তদের ছোঁড়া পেট্রোলবোমায় ইদ্রিসসহ পাঁচজন দগ্ধ হন।

জেআই