নাটোর পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি মোজাম্মেল হোসেন মজনুকে (৬২) পিটিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা।

শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে জেলার বাগাতিপাড়া উপজেলার কৃষ্ণপুর এলাকায় হত্যাকাণ্ডের এ ঘটনা ঘটে। নিহতের বাড়ি পৌরসভার চরবৈদ্যনাথ এলাকায়।

পারিবারিক সূত্রে জানা গেছে, মোজাম্মেল সকালে মোটরসাইকেলে করে বাড়ি থেকে বাগাতিপাড়া যান। সেখান থেকে নাটোর শহরে ফেরার পথে একদল সন্ত্রাসী তার পথরোধ করে তাকে পিটিয়ে গুরুতর আহত করে রাস্তায় ফেলে রেখে যায়।

পথচারীরা তাকে দেখে উদ্ধার করতে গেলে তিনি নিজের নাম পরিচয় বলতে বলতে মারা যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার মৃতদেহ উদ্ধার করে।  

বাগাতিপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুর রহমান জানান, কারা কেন তাকে হত্যা করেছে তা তদন্ত করে জানা যাবে।

ঢাকা, ৬ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এআর