প্রকৃত গণমাধ্যম কর্মীর বেশে এসব সিএনজিতে চলাফেরা করেন প্রচুর ভুয়া সাংবাদিক। এমনই গাড়ির সামনে 'প্রেস' লেখা স্টিকার লাগিয়ে চট্টগ্রাম মহানগরীতে অবৈধভাবে চলাচলকারী ৫৫টি সিএনজি অটোরিকশা আটক করেছে পুলিশ।

বুধবার রাত থেকে বৃহস্পতিবার দিনভর অভিযান চালিয়ে এসব অটোরিকশা আটক করা হয়।

পুলিশ জানিয়েছে আটককৃত সিএনজি অটোরিকশাগুলোর কোনো রেজিস্ট্রেশন কিংবা রাস্তায় চলাচলের কোনো রুট পারমিট নেই। বিআরটিএ’র অনুমোদন ছাড়া এ সব সিএনজি নানা অখ্যাত পত্রিকার নামে এবং প্রেস স্টিকার লাগিয়ে দাপটের সঙ্গে মহানগরীতে চলাচল করছিল। কিছু সিএনজি মালিক অবৈধ সিএনজি মহানগরীতে চালাতে কিছু খ্যাতনামা পত্রিকা এবং ইলেক্ট্রনিকস মিডিয়ার ভুয়া স্টিকারও লাগিয়ে পুলিশের চোখকে ফাঁকি দেওয়ার চেষ্টা চালান। তা ছাড়া 'সাংবাদিক' লেখা কিছু সিএনজি ব্যবহার করে নগরীতে নানা অপরাধ কর্মকাণ্ড চালিয়ে আসছে সন্ত্রাসীরাও।

চট্টগ্রাম মহানগর পুলিশের ট্রাফিক বিভাগের উপ-কমিশনার (উত্তর) ফারুক আহমেদ জানান, প্রেস, সাংবাদিক এবং বিভিন্ন মিডিয়ার স্টিকার ব্যবহার করে নগরীতে অবৈধভাবে চলাচলকারী ৫৫টি সিএনজি অটোরিকশা আটক করা হয়েছে। এই অভিযান অব্যাহত থাকবে।

ইআর