জমি নিয়ে বিরোধের জের ধরে মনির হোসেন শাহিদ (৪০) নামে একজনকে তার চাচাতো ভাই গলাকেটে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

সোমবার রাত ১টার দিকে রাজধানীর সূত্রাপুরের কাঠেরপুল জাস্টিস লালমোহন দাস লেনে এ ঘটনা ঘটে। নিহত মনির হোসেন ৪৮ জাস্টিস লালমোহন রোডের মৃত জাহিদ হোসেনের ছেলে।

মনির হোসেনের চাচা শেখ শামসুল আলম জানান, কাঠেরপুলের জাস্টিস লেনে মনির হোসেনের চার তলা বাড়ি আছে। চাচাতো ভাইদের সঙ্গে জমিজমা নিয়ে দীর্ঘদিন থেকে তাদের বিরোধ চলে আসছিল।

এরই জের ধরে শাহিদের চাচাতো ভাই ওয়াহিদ হোসেন বাদু তাকে হত্যা করতে পারে বলে অভিযোগ করেন শামসুল আলম।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ক্যাম্প ইনচার্জ পরিদর্শক মোজাম্মেল হক বলেন, স্বজনেরা তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মনিরকে মৃত ঘোষণা করেন। পরে লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

এআর