জমি নিয়ে বিরোধের জের ধরে সংঘর্ষের সময় মিঠুন (৩৪) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। সংঘর্ষে আহত হয়েছেন মোজাম্মেল (৪২) নামে আরও এক ব্যক্তি।
রোববার সকাল সাড়ে ৮টার দিকে রাজশাহীর মতিহার থানার বাখরাবাজ এলাকায় বেলঘড়িয়া পাড়ায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
নিহত মিঠুন বেলঘড়িয়া পাড়ার একরামুল হকের ছেলে। আহত মোজাম্মেলের বাড়িও বেলঘড়িয়ায়। তার বাবার নাম আজাহার আলী।
মতিহার থানার ওসি আবদুর রউফ জানান, মিঠুন ও মোজাম্মেলের পরিবারের মধ্যে একটি আম বাগান নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। শনিবার সন্ধ্যায় ঝড় হলে তাতে ওই আমবাগানে আম ও ডালপালা ঝরে পড়ে।
মিঠুন রোববার সকালে ওই জমিতে ঝড়ে পড়া আম ও পাতা কুড়াতে গেলে প্রতিপক্ষ মোজাম্মেলের লোকজন বাধা দেয়।
এ সময় দু‘পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধলে মোজাম্মেলের লোকজন মিঠুনকে হাশুয়া দিয়ে কোপ দেয়। এতে তিনি গুরুতর আহত হন।
তৎক্ষণাৎ উদ্ধার করে তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ওসি আরও জানান, মিঠুনের মৃত্যুর খবরে তার লোকজন মোজাম্মেলের ওপর হামলা করে। তাকেও আহতাবস্থায় উদ্ধার করে রামেক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ময়না তদন্তের জন্য মিঠুনের মরদেহ রামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। দুপুরে ময়না তদন্ত করা হবে। এ ঘটনায় ছয় জনকে আটক করা হয়েছে বলে জানান ওসি।
এআর





