রাজধানীর মালিবাগ সুপার মার্কেটের সামনে বাসচাপায় মতিউর রহমান (৬৫) নামে এক রিকশাযাত্রী নিহত হয়েছেন।
শনিবার (১০ অক্টোবর) সকাল সোয়া ৬টার দিকে মালিবাগ রেলগেটের কাছে সুপার মার্কেটের সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে।
মতিউর খিলগাঁওয়ের বাসিন্দা। ওই এলাকায় বাঁধন ক্লিনিক নামে একটি প্রতিষ্ঠানও রয়েছে তার।
এ বিষয়ে রামপুরা থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) সৌমেন বড়ুয়া বলেন, আমরা স্থানীয়দের মাধ্যমে জেনেছি, ওই ব্যক্তি তার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় পড়ুয়া মেয়ে বাঁধনকে বাসে তুলে দিতে রিকশাযোগে মালিবাগে আসছিলেন। বাসের চাপায় তার মাথা থেতলে গেলেও সামান্য আহত হয়েছেন মেয়ে।
তিনি বলেন, স্থানীয়রা জানিয়েছেন, যাত্রাবাড়ী-গাজীপুর রুটের তুরাগ অথবা সালসাবিল পরিবহনের বাস ওই ব্যক্তিকে চাপা দিয়েছে। তবে, আমরা নিশ্চিত হতে চেষ্টা করছি।
মতিউরের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানান এসআই।
এমকে





