যারা এই সরকারকে অবৈধ বলে তারাই নির্বাচনের আগে অবৈধভাবে সরকার গঠনের চক্রান্ত করেছিল বলে মন্তব্য করেছেন জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। তিনি বলেছেন, এই সরকার জনগণের ভোটে নির্বাচিত বৈধ সরকার।
কুষ্টিয়া সার্কিট হাউসে শুক্রবার সকাল ৯টায় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের সঙ্গে এ সব কথা বলেন তিনি।
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, ৫ জানুয়ারি নির্বাচনের মাধ্যমে গঠিত এই সরকার সাংবিধানিক ও গণতান্ত্রিকভাবে বৈধ সরকার। যারা নির্বাচনের পথ পরিহার করে অবৈধভাবে সরকার গঠনের চক্রান্ত করেছিল তারা রাজনীতি ও গণতন্ত্রের জন্য অনুপযুক্ত।
বিরোধী দলের আন্দোলন প্রসঙ্গে তিনি বলেন, তারা নিয়মতান্ত্রিকভাবে সারাদেশে আন্দোলনের কমিটি বানাতে পারেন, মিছিল মিটিং করতে পারেন, তবে হাতে বোমা এবং কোমরে যদি চাকু থাকে তাহলে সেই মিছিল, মিটিং ও সভা-সমাবেশ করার ব্যাপারে সরকার প্রশাসনিক কঠোর পদক্ষেপ নেবে।
এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, বেগম জিয়া ও তার স্বামী জিয়াউর রহমানের বিরুদ্ধে খুনিদের আড়াল করা ও তাদের নিয়ে রাজনীতি করার ইতিহাস আছে। বেগম খালেদা জিয়া না জেনে-বুঝে ফারুকী হত্যার দায় সরকারের ওপর চাপিয়ে দিচ্ছেন। এ ধরনের মিথ্যাচার উনি অতীতেও করেছেন, এখনও করছেন। এটা ঠিক নয়।
এ সময় উপস্থিত ছিলেন- কুষ্টিয়ার জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন, পুলিশ সুপার প্রলয় চিসিম, জেলা জাসদের সভাপতি গোলাম মহসিন, সাধারণ সম্পাদক আব্দুল আলীম স্বপন প্রমুখ।
ঢাকা, ২৯ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেআই





