নওগাঁর সাপাহারে ট্রাক্টরের চাপায় অনিল রবিদাশ (৩৫) নামে এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছেন।

মঙ্গলবার (০৩ আগস্ট) সকালে সাপাহার-নির্মইল সড়কের চৌধুরীপাড়ার তেঁতুলতলা বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত অনিল রবিদাশ উপজেলার গোবিন্দবাটি মাদরাসাপাড়া এলাকার বাসিন্দা।

জানা গেছে, সকালে বাজার করার উদ্দেশে বাড়ি থেকে বাইসাইকেলে করে উপজেলা সদরে আসছিলেন অনিল। পথে তেঁতুলতলা বাজারে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক্টর এসে তাকে চাপা দেয়। এতে গুরুতর আহত হয় অনিল। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেকুর রহমান সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ উদ্ধার করে থানা হেফাজতে রাখা হয়েছে। ঘটনাস্থল থেকে ট্রাক্টর চালককে আটক করা হয়েছে।

এমবি